২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ ক্ষমতা দখলকারীকে শপথ না পড়ানোর আহবান

বঙ্গবন্ধু মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণতান্ত্রিক ধারা অব্যাহত ও সংবিধান সমুন্নত রাখতে ভবিষ্যতে কোন অবৈধ ক্ষমতা দখলকারীকে শপথ না পড়াতে বিচারপতিদের প্রতি আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণতান্ত্রিক ধারা অব্যাহত ও সংবিধান সমুন্নত রাখতে ভবিষ্যতে কোন অবৈধ ক্ষমতা দখলকারীকে শপথ না পড়াতে বিচারপতিদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন,"বিচারপতিদের মধ্য থেকে ভবিষ্যতে আর কেউ যেন প্রধান সামরিক প্রশাসক না হন। বিচারপতিরা মরে যাবে, কিন্তু কেন প্রধান সামরিক আইন প্রশাসক হবেন।" পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীর উদাহরণ দিয়ে মাহবুবে আলম প্রশ্ন করেন, তিনি পাকিস্তানের ইমেজকে কোথায় নিয়ে গেছেন? সোমবার বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের ২৬-তম দিনের শুনানিতে সরকারের শীর্ষ আইন কর্মকর্তা আরো বলেন, "১৫ আগস্ট পরবর্তীতে সংবিধানকে পদদলিত করে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা হয়। তখন বিচারপতিদের কেউ কেউ দৃঢ় ভূমিকা রাখতে পারেননি। এদের কাউকে খুনি মোশতাককে শপথ দিতে দেখা গেছে। সেই বিচারপতিকে ধিক্কার দেওয়া প্রয়োজন।" তিনি আদালতের উদ্দেশে বলেন, "খন্দকার মোশতাককে কে শপথ পাঠ করিয়েছিল? রায়ে তাকে নিন্দা জানিয়ে অভিমত দিন। হাইকোর্ট পঞ্চম সংশোধনী মামলায় অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করে স্পষ্ট রায় দিয়েছে। ১০ বিচারপতির মামলায় হাইকোর্ট চমৎকার রায় দিয়েছে। এসব বিষয় এ মামলার রায়ে উল্লেখ করার পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি বলেন, "শুধু হত্যার বিচার নয়, পারিপার্শ্বিক এসব বিষয় রায়ে তুলে ধরা দরকার। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরই খন্দকার মোশতাককে শপথ পাঠ করিয়েছিলেন বিচারপতি মোহাম্মদ সায়েম আবুসাদত। পঁচাত্তরের ৭ নভেম্বর জেনারেল জিয়াউর রহমান বিচারপতি সায়েমকে প্রধান সামরিক আইন প্রশাসক ও রাষ্ট্রপতি করেন। পরে জিয়া নিজেই প্রধান সামরিক আইন প্রশাসক হন। ১৯৮২ সালের ২৩ মার্চ প্রয়াত প্রেসিডেন্ট বিচারপতি আবদুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল এরশাদ। তার হাত ধরে রাষ্ট্রপতি হন বিচারপতি এএফএম আহসানউদ্দিন চৌধুরী। ১৯৭৭ সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার সময় তাকে শপথ পড়িয়েছিলেন তখনকার প্রধান বিচারপতি সৈয়দ এবিএম মাহমুদ হোসেন। আর ১৯৮৬ সালে এইচ এম এরশাদকে শপথ বাক্য পাঠ করান আরেক বিচারপতি এসকেএমএ মুনীম। বাংলাদেশের বিচারপতিরা সামরিক শাসকদের এভাবে সহায়তা করলেও পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরী সেখানকার সামরিক শাসক পারভেজ মোশাররফের গদি টলিয়ে দিয়েছিলেন। হত্যাকাণ্ডের নিষ্ঠুরতার কথা বিবেচনা করে আসামিদের সাজা কমানোর সুযোগ নেই দাবি করে অ্যাটর্নি জেনারেল অন্য আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য রায়ে নির্দেশনা প্রয়োজন বলেও আদালতকে জানান। সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর পৌনে দুইটা পর্যন্ত চলা এ শুনানিতে বিচারপতিদের বিব্রতবোধের কারণে বঙ্গবন্ধু হত্যা মামলা বিচার দুুর্ভিক্ষের শিকার হয়েছিলো বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। এ দিনই তার বক্তব্য উপস্থাপন শেষ হয়। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের অপর কৌঁসুলি তৌফিক নেওয়াজ, আজমালুল হোসেন কিউসি ও এএফএম মেসবাহউদ্দিন যুক্তিতর্ক উপস্থাপন করবেন। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের আইনজীবীরা জবাব দেবেন। ১৯৪৩ সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, "এ মামলা নিয়েও দেশ বিচার দুর্ভিক্ষে পড়েছিল। সেই দুর্ভিক্ষ হলো বিচারের দুর্ভিক্ষ। নিুআদালতে আসামিদের সাজা হওয়ার পর হাইকোর্টের বহু বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে বিব্রতবোধ করেছিল। আপিল বিভাগের কাছে আর্জি জানিয়েছি, এভাবে যেন বিচারের বাণী আর নীরবে-নিভৃতে না কাঁদে।" বিচারপতিরা কেন বিব্রতবোধ করেছেন এ বিষয় রায়ে পর্যবেক্ষণ দেওয়ার জন্য যুক্তি তুলে ধরে এবং আদালতের একটি মন্তব্য প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, "আদালত যথার্থই বলেছেন, আইনজীবীদের চোখে জল থাকবে, কিন্তু বিচারপতিদের নয়, বিচারপতিরা কেন বিব্রতবোধ করবেন?" অ্যাটর্নি জেনারেল আসামিদের দীর্ঘদিন জেলা থাকায় দণ্ড কমানোর পক্ষে যুক্তির বিরোধীতা করে বলেন, তারা যে জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাতে সাজা কমানোর কোন প্রশ্ন উঠে না। তিনি হত্যাকাণ্ডের নৃশংসতার বর্ণনা নিয়ে বলেন, সাক্ষ্য-প্রমাণে দেখা গেছে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালকে নিচতলায় অভ্যর্থনা কক্ষে গুলি করেছে আসামিরা। সিড়িতে নামার সময় বঙ্গবন্ধুকে গুলি করা হয়। বেগম মুজিবকে বেডরুমে গুলি করা হয়। বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের 'পানি' 'পানি' বলে চিৎকার করে উঠলে তাকে বাথরুমে নিয়ে গিয়ে গুলি করা হয়। মাহবুবে আলম আদালতকে আরো জানান, বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল মায়ের কাছে যাবে বলে কান্নাকাটি করলে একজন সেনা কর্মকর্তা তাকে তার মায়ের কাছে নিয়ে যেতে বলে। এরপর তাকে ওপরে নিয়ে গুলি করে হত্যা করা হয়। যে সেনা কর্মকর্তা রাসেলকে তার মায়ের কাছে নিয়ে যেতে বলেছিল সেই কিছুক্ষণ আগে বেগম মুজিবকে হত্যা করে এসেছিল। এরপরও রাসেলকে মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলা নিষ্ঠুর পরিহাস বলে মন্তব্য করেন তিনি। জার্মানির নাজি সরকার প্রধান এডলফ হিটলারের 'কনসেন্ট্রেশন ক্যাম্পের নির্যাতনের কাহিনী তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, "ওই ক্যাম্পে শিশু যেন মায়ের দুধ না খেতে পারে সেজন্য মায়ের বুকে ব্যান্ডেজ করে রাখা হতো। শিশুর যন্ত্রণা সইতে না পেরে ডাক্তারের কথামতো মা নিজের সন্তানকে ইনজেকশনের মাধ্যমে মেরে ফেলতো।" আদালতকে এসব তথ্য জানিয়ে সরকারের শীর্ষ আইন কর্মকর্তা বলেন, "১৫ আগস্টের হত্যাকারীদের নিষ্ঠুরতা বিশ্বের ইতিহাসের সমস্ত নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে। হত্যাকারীদের গুলিতে ১০ বছরের শিশু রাসেলের চোখ ও মাথার মগজ বেড়িয়ে গিয়েছিল। এ ধরনের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের নজির ইতিহাসে নেই।" এর মাধ্যমে খুনিরা দেশের ভাবমূর্তি বিশ্বের কাছে নষ্ট করে দিয়েছে মন্তব্য করে তিনি জানান, আসামিপক্ষ তাদের যুক্তিতর্কে ১৫ আগস্ট সেনা বিদ্রোহ হয়েছিল উল্লেখ করেছেন। ওই দিন কোন সেনা বিদ্রোহ হয়নি দাবি করে অ্যার্টনি জেনারেল বলেন, "হত্যার জন্য ষড়যন্ত্র হয়েছিল। বঙ্গবন্ধুর বাড়িতে চোরের মতো খুনি বজলুল হুদা, নূর চৌধুরী, আজিজ পাশাসহ অন্যরা প্রবেশ করেছিল। তাদের সঙ্গে যে সৈনিকরা গিয়েছিল তাদের বুঝতে দেয়নি, তারা কী কাজে যাচ্ছে। সেনা কর্মকর্তারা সেনা সদস্যদের ধোঁকা দিয়ে এ কাজ করেছে বলে সাক্ষ্য-প্রমাণে উঠে এসেছে। "বিদ্রোহ হলে কেন বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার স্ত্রী আরজু মনি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার নাতি সুকান্ত আবদুল্লাহ বাবুকে হত্যা করা হল। ওই বাড়ির একজন মহিলা সুকান্ত বাবুকে হত্যা না করার জন্য আসামিদের কাছে আকুতি জানিয়েছিল। কিন্তু খুনিরা শিশু সুকান্ত বাবুসহ সেরনিয়াবাতের বাড়ির সকলকে ব্রাশফায়ার করে হত্যা করে বলে জানান মাহবুবে আলম। ফারুক, রশিদসহ আসামিরা আত্মস্বীকৃত খুনি বলে জানিয়ে অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, "ব্রিটেনের এক সময়ের গ্রানাডা টেলিভিশনের মাধ্যমে খুনিদের হত্যাকাণ্ডের সংশি