২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোশতাক বিশ্বাসঘাতক, ভণ্ড ও প্রতারক: অ্যাটর্নি জেনারেল

বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রয়াত খন্দকার মোশতাককে খুনি, পৃথিবীর নিকৃষ্টতম বিশ্বাসঘাতক, প্রতারক ও ভণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 12:00 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রয়াত খন্দকার মোশতাককে খুনি, পৃথিবীর নিকৃষ্টতম বিশ্বাসঘাতক, প্রতারক ও ভণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, "পঁচাত্তরের ১৫ আগস্টের খুনিরা ছিল মোশতাকেরই অনুসারী। এরা বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছে। ওইদিন কোন সেনা বিদ্রোহ হয়নি। রোববার তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে ২৫-তম দিনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আসামিপক্ষের দেওয়া সেনা বিদ্রোহের যুক্তি খণ্ডন করে বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড কোনভাবেই সেনা বিদ্রোহ হতে পারে না। এমনকি এ মামলার আসামিরাও তাদের স্কীকারোক্তিমূলক জবানবন্দিতে সেনা বিদ্রোহের কথা বলে নি। সরকারের শীর্ষ এ আইন কর্মকর্তা শুনানির সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। এ দিন সকাল পৌনে ১০টায় শুনানি শুরু হয়ে একটা ৩৫ পর্যন্ত চলে। অ্যাটর্নি জেনারেল খন্দকার মোশতাকের বিশ্বাসঘাতকতা ও বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র বর্ণনা করতে গিয়ে বলেন, "মোশতাক এতই ধুরন্দর ছিলেন যে পঁচাত্তরের মার্চে শেখ কামাল ও শেখ জামালের বিয়েতে সে উকিল বাবা হয়েছিলো। এটি কত বড় বিশ্বাসঘাতকতা? বিপথগামী সেনা কর্মকর্তাদের নিয়ে খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। একে যদি বিদ্রোহ বলতে হয়, তাহলে বিদ্রোহের সংজ্ঞা পাল্টাতে হবে। এটা কোনো বিদ্রোহ ছিলো না, এটা ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ষড়যন্ত্র। খুনিরা বঙ্গবন্ধুর বাড়িতে যান 'শিঁদ কাটা' চোরের মতো। আর বঙ্গবন্ধুকে হত্যার পর বের হয় শেয়ালের মতো।" শেখ কামাল ও শেখ জামাল ছিলেন বঙ্গবন্ধুর দু'পুত্র। আর মোশতাক পঁচাত্তরে বঙ্গবন্ধু সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন। অ্যাটর্নি জেনারেল আসামিপক্ষের বিদ্রোহের যুক্তি খণ্ডন করে বলেন, "বিদ্রোহ হলে খুনিরা উপ-রাষ্ট্রপতি, স্পিকার, সেনাপ্রধান মেজর জেনারেল কেএম সফিউল্লাহ ও চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) খালেদ মোশাররফের বাসায় যেতো। কিন্তু এটা ছিল বঙ্গবন্ধুকে হত্যার নীলনকশা। এ কারণে তারা বঙ্গবন্ধু, তার পরিবার ও আত্মীয়-স্বজনকেই হত্যা করেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় জাতীয় চার নেতার একজন সৈয়দ নজরুল ইসলাম দেশের উপ-রাষ্ট্রপতি ও আব্দুল মালেক উকিল স্পিকার ছিলেন। সৈয়দ নজরুল ইসলামকে পঁচাত্তরের ৩রা নভেম্বর অন্য তিন নেতার সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে হত্যা করা হয়। লিভ গ্রহণের তিনটি যুক্তির বিরোধিতা করে মাহবুবে আলম আদালতকে জানান, তৃতীয় বিচারপতি শুধু দুই বিচারপতি ভিন্নমতের বিষয়টি নিষ্পত্তি করতে পারেন। আর যথাযথ কারণেই মামলার বিলম্ব হয়েছে। নিরাপত্তার কারণে বাদী পঁচাত্তরের পরে মামলা করতে পারেননি। হাইকোর্টের তৃতীয় বিচারপতির রায়ের পর্যবেক্ষণ উদ্ধৃত করে তিনি বলেন, "সমস্ত সাক্ষ্য-প্রমাণ ও ঘটনা প্রবাহ থেকে এটা স্পষ্ট যে, সেদিন সেনাবাহিনীসহ কোন বাহিনীরই চেইন অব কমান্ড ভাঙেনি। সেনা বিদ্রোহের কোন ঘটনা ঘটেনি। সেটা কোন সেনাবিদ্রোহ ছিলো না দাবি করে অ্যাটর্নি জেনারেল আরও যুক্তি দিয়ে বলেন, "মামলার এ পর্যায়ে সেনা বিদ্রোহের প্রসঙ্গটি উত্থাপন করা অবান্তর। কেননা, এমামলার ৬১ জন সাক্ষীর কেউই একে সেনা বিদ্রোহ বলেনি। এমনকি হাইকোর্টের ডেথ রেফারেন্সের শুনানিতেও সেনা বিদ্রোহের প্রসঙ্গ উত্থাপন করা হয়নি। এখন আপিলের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা সেনা বিদ্রোহের প্রসঙ্গ তুলে এ আদালতের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন।" বিচারের এই পর্যায়ে আদালতের বিচারের বৈধতার প্রশ্ন তোলা যায় না-এর সপক্ষে যুক্তি দিয়ে মাহবুবে আলম বলেন, "এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশনা রয়েছে। আসামি ফারুক রহমান এই মামলাটির আদালত স্থানান্তরের বৈধতার প্রশ্ন তুলেছিল। কিন্তু আসামিপক্ষ কখনই আদালতের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেনি। তারা কখনই বলেনি এটি একটি সেনা বিদ্রোহ ছিল ও প্রচলিত আদালতে বিচার হতে পারে না।" আসামি সৈয়দ ফারুক রহমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি উদ্ধৃত করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, "ফারুক রহমানও বলেছিলো ১৫ আগস্টের ঘটনা সেনা অভ্যূত্থান ছিল না। একই রকম বক্তব্য দিয়েছেন কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খানও। তিনিও জেরায় বলেছেন, ১৫ আগস্ট কোন সেনা অভ্যুত্থান হয়নি।" শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার পেপার বুক পাঠ করলে চোখের পানি ধরে রাখতে পারিনা। এটা একটি ঐতিহাসিক মামলা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী' তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ওই সময়ে বঙ্গবন্ধুর বয়স ছিল ৫৮ বছর সাত মাস। এই সংক্ষিপ্ত জীবনে তিনি বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ ও জাগ্রত করেছিলেন। বঙ্গবন্ধু ছিলেন বাঙালী জাতীয়তাবাদের প্রবক্তা। ওই সময় থেকেই ধর্ম নিরপেক্ষতার প্রচলন হয়। এ সময় অ্যাটর্নি জেনারেল কান্নায় ভেঙে পড়েন। তা দেখে আদালত তাকে আবেগ তাড়িত না হয়ে মামলার মূল বিষয়বস্তু নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করতে বলেন। এরপর মাহবুবে আলম বলেন, "খুনিরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তারা আধুনিক গণতান্ত্রিক চেতনাকে হত্যা করেছে। এই হত্যা মামলার বিচার বিলম্বিত করতে এমন কোন পন্থা নেই, যা তারা অবলম্বন করেনি।" আসামিরা আত্মস্বীকৃত খুনি উল্লেখ করে তিনি বলেন, "পেপার বুকের পাতা উল্টালেই চোখের পানি ধরে রাখা যায়না। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এটি একটি জঘন্যতম হত্যাকাণ্ড। ৩৪ বছর হতে চলল, এ মামলা বিচার শেষ হয়নি।" তিনি আদালতে প্রশ্ন রেখে বলেন, আদালত কী জনগণের বাইরে? বিচার বিভাগের দায়িত্ব হলো, গরিব-ধনী সবার প্রতি সমান বিচার করা। এতে আদালতের ভাবমূর্তি রক্ষা পায় বলেও মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল এ মামলার অন্যতম কৌঁসুলি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, ব্যারিস্টার তাপস শেখ ফজলুল হক মণির ছেলে। সে তার মা-বাবা ও নানা হত্যার বিচার চায়। দিন নয়, মাস নয়, বছরের পর বছর তাপস বিচারের জন্য অপেক্ষা করে আছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণিকেও হত্যা করা হয়। অ্যাটর্নি জেনারেল এ মামলার আসামি আজিজ পাশার কথা উল্লেখ করে বলেন, "এই আজিজ পাশা বেগম মুজিবকে হত্যা করেছে। শেখ রাসেল তার মায়ের কাছে যাওয়ার কথা বলেছে। তাকে উপরে নিয়ে হত্যা করা হয়েছে। এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের কোন মাত্রা নেই। খুনিরা সব রকমের মূল্যবোধবিবর্জিত। তিনি আদালতকে আরও জানান, ১৫ আগস্ট ৩২ নম্বর বাড়িতে হত্যাকাণ্ড শুরু হয়েছিল শেখ কামালকে দিয়ে। আর শেষ হয়েছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে দিয়ে। শেখ কামাল ও শেখ জামাল মুক্তিযোদ্ধা ছিলেন জানিয়ে মাহবুবে আলম বলেন, কামালের স্ত্রী সুলতানা কামাল জীবিত থাকলে একজন বড় ক্রীড়াবিদ হতে পারতেন। সৌভাগ্য যে, ওইদিন বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে ছিলেন। তাই তারা বেঁচে আছেন। তিনি আরও জানান, বিচারিক আদালতের শুনানিতে এ প্রসঙ্গটি উত্থাপন করে সরকার পক্ষের প্রধান কৌঁসুলি মরহুম সিরাজুল হক বলেছিলেন, রাষ্ট্রপতি ও আমার ব্যক্তিগত বন্ধু হত্যার বিচার চাই না। মানুষ মুজিব হত্যার বিচার চাই। অ্যাটর্নি জেনারেল বলেন, "আজ আমিও বলছি, সিরাজুল হক আজ নেই। কিন্তু কান্নার মানুষ এখনো আছে। শেখ তাপস আজ তার মা-বাবা ও নানা হত্যার বিচার চায়।" দীর্ঘ সময় ধরে এ মামলার বিচার চলছে জানিয়ে তিনি বলেন, বিচারিক আদালতে ১৫৫ দিন, হাইকোর্টের দ্বৈত বেঞ্চে ৬৬ দিন ও তৃতীয় বিচারপতির বেঞ্চে ২৫ দিন এ মামলার শুনানি হয়েছে। এরপর লিভ টু আপিলের শুনানি হয়েছে ২৬ দিন। আজ আপিলের ২৫ দিনের শুনানি চলছে। দীর্ঘ সময়ে এই বিচার চললেও আসামি পক্ষ বলছে, তাদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, আসামিরা সামরিক আইনে বিচারের কথা বলছে। কিন্তু সামরিক আইনে ও সাধারণ আইনে হত্যার শাস্তি একই। সামরিক আইনে বিচার হলে আসামিরা এত সুযোগ পেতো না। বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামিপক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক। বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএইচ/১৭৫৩ ঘ.