ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলায় ২৩ তম দিনের শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক।
বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে বুধবার সকাল পৌনে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি চলে।
আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের পর সোমবার রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করে।
১৫ আগস্ট সেনা বিদ্রোহ হয়নি দাবি করে আনিসুল হক মঙ্গলবার শুনানিতে বলেন, সাধারণ আইনে ওই হত্যাকাণ্ডের বিচার বেআইনি নয়।
ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পর রুদ্ধ করায় মামলা করতে দেরি হয় বলেও আদালতকে জানান তিনি।
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩৫০ ঘ.
bdnews24