২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মামলার ২০তম দিনের শুনানি শেষ

বঙ্গবন্ধু মামলার ২০তম দিনের শুনানিতে রোববার যুক্তিতর্ক শেষ করেছেন আসামি একেএম মহিউদ্দিনের কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন। দুই দিন বিরতির পর বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শুনানি চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 04:20 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার ২০তম দিনের শুনানিতে রোববার যুক্তিতর্ক শেষ করেছেন আসামি একেএম মহিউদ্দিনের কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন। দুই দিন বিরতির পর বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শুনানি চলে। মামুনের বক্তব্যের পর শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করে আদালত। তবে আসামি পক্ষের আরেক কৌঁসুলি খান সাইফুর রহমানকে বক্তব্য উপস্থাপনের জন্য আবার সুযোগ দিয়েছে আদালত। তিনি সোমবার আবার বক্তব্য রাখবেন। আপিলকারী চার আসামির পক্ষে যুক্তিতর্ক ইতোমধ্যে শেষ হয়েছে। ব্যারিস্টার মামুন এর আগে আরেক আসামি বজলুল হুদার পক্ষে শুনানি করেন। আপিল আবেদনকারী দুই আসামি সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাদের কৌঁসুলি খান সাইফুর রহমান। অপর আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের পক্ষে শুনানি করেন তার কৌঁসুলি আবদুর রেজ্জাক খান। আসামি পক্ষের যুক্তিতর্কের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বক্তব্য রাখবেন। বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরুহয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক। বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১১৫১ ঘ.