ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামিদের কারণে নয়, বিচারপতিদের বিব্রতবোধ করার কারণে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে বিলম্ব হয়েছে বলে দাবি করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি একেএম মহিউদ্দিন আহমেদের (ল্যান্সার) কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ ১৯-তম দিনের শুনানিতে মামুন এ সব যুক্তিতর্ক উপস্থাপন করেন।
শুনানির পর সাংবাদিকদের তিনি বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলায় বিচারিক আদালত ১৯৯৮ সালে রায় দিয়েছে। এখন ২০০৯ সাল। এখনও পর্যন্ত এ মামলার আপিলের শুনানি শেষ হয়নি। আসামিদের কারণে এই বিলম্ব হয়নি। বিচারপতিদের বিব্রতবোধের কারণে আপিল নিষ্পত্তিতে এই বিলম্ব হয়েছে।"
দেড়শ' কার্য দিবস শুনানির পর ১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার দায়রা জজ গোলাম রসুল ২০ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। হাইকোর্টের বিচারপতিরা কয়েক দফা বিব্রত হওয়ার পরে ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। ৬৩ কার্যদিবস শুনানি শেষে ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এ মামলায় বিভক্ত রায় দেয়।
ল্যান্সার মহিউদ্দিনকে নির্দোষ দাবি করে মামুন বলেন, "আপিল নিষ্পত্তির বিলম্বের কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা ১৪ বছর ধরে মৃত্যুযন্ত্রণা ভোগ করছেন। এ কারণে সাজা বহাল রাখা হলেও মৃত্যুদণ্ডের পরিবর্তে তা যাবজ্জীবন হতে পারে।"
সংবিধান উদ্ধৃত করে তিনি বলেন, "বিচার ও শাস্তির ক্ষেত্রে আসামিদের আইনগত অধিকার ও মানবাধিকার রয়েছে। কাউকে অমানবিক নির্যাতন করা যাবে না। এটা আসামির মানবাধিকার।"
তিনটি নজির উপস্থাপন করে ব্যারিস্টার মামুন বলেন, "মামলা তিনটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল নিষ্পত্তিতে দীর্ঘ সময় লেগেছিল। তখন তাদের দণ্ড মওকুফ করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল, রাষ্ট্র ও বিচার কাজের বিলম্বের কারণে তারা যেদিন জেলে গেছে, সেদিন থেকে তাদের মৃত্যুযন্ত্রণা আরম্ভ হয়েছে।
"তাই আইনের দায়িত্ব হচ্ছে, যে দোষী সাব্যস্ত হয় তাকে সত্ত্বর পরীক্ষা-নিরীক্ষা করে আপিল নিষ্পত্তি করা। কিন্তু বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের নিষ্পত্তিতে দেরীর কারণে ১৪ বছর ধরে আসামিরা মৃত্যুযন্ত্রণা ভোগ করছে।"
আসামি মহিউদ্দিন আহমেদ (আর্টিলারী), সৈয়দ ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশিদ খানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রসঙ্গে তিনি বলেন, "তাদের জবানবন্দির মধ্যে বৈপরীত্য রয়েছে। একজনের বক্তব্যের সঙ্গে অপরজনের মিল নেই। জবানবন্দিতে তারা কেউ বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যের কথা বলেনি।
"রক্ষীবাহিনী, সংবাদপত্র বন্ধ করা, সেনাবাহিনীর সুযোগ-সুবিধা নিয়ে অসন্তোষ ছিল। বঙ্গবন্ধুকে নিয়ে এসে তাকে দিয়ে তারা একটি ঘোষণা আদায় করতে চেয়েছিল। বঙ্গবন্ধু না এলে তাকে বিচারের সম্মুখীন করার কথা তাদের বক্তব্যে উঠে এসেছে। বঙ্গবন্ধুকে হত্যা করার কথা কেউ জবানবন্দিতে বলেনি।"
হত্যার ষড়যন্ত্র বিষয়ে মামুন বলেন, "ল্যান্সার মহিউদ্দিনের ক্ষেত্রে বঙ্গবন্ধু হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়নি। সে নির্দোষ। কারণ, কোনো সাক্ষী হত্যাকাণ্ডে ল্যান্সার মহিউদ্দিনের সরাসরি জাড়িত থাকার কথা বলেনি। তাই মহিউদ্দিন খালাস পাওয়ার অধিকারী।"
এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার মামুন বলেন, "বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনাটি নৃশংস। এর বিচার অবশ্যই চাই। কিন্তু এজন্য প্রকৃত অপরাধীকে বাদ দিয়ে নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পায়।"
মামুন জানান আগামী রোববার তিনি এজাহার দায়েরে বিলম্বে, বিদ্রোহ ও তৃতীয় বিচারপতি রায় বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
রোববার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার চেষ্টা করবেন জানিয়ে তিনি জানিয়ে বলেন, "তবে আদালত এক ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছে।"
বৃহস্পতিবার শুনানির শুরুতেই আদালত ল্যান্সার মহিউদ্দিনের পক্ষে আপিল দায়েরে নয় বছর সাত মাস ১৭ দিন বিলম্ব মার্জনার দরখাস্ত কোন আইনের কোন ধারায় দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে আদেশ দেখাতে বলেন মামুনকে।
ব্যারিস্টার মামুন বলেন, "এ আপিল যখন শুনানির জন্য গ্রহণ করা হয়েছিল তখন আদালত বিলম্ব মার্জনার দরখাস্ত গ্রহণ করেছিল।"
এরপর তিনি সাক্ষী এলডি বশির আহমেদ ও এলডি সিরাজুল হকের সাক্ষ্যের অসঙ্গতি উপস্থাপন করে বলেন, "বঙ্গবন্ধুর বাড়িতে ভোর ৫টায় ল্যান্সার মহিউদ্দিনের উপস্থিতি নিয়ে তাদের বক্তব্যের মধ্যে বৈপরীত্য রয়েছে। একজন বলেছে, ল্যান্সার মহিউদ্দিন বঙ্গবন্ধুর বাড়ির ৮০ গজ পশ্চিমে ছিল। অপর সাক্ষী বলেছে, সে রাত সাড়ে ৪টায় ছয়টি ট্রাক একত্রিত করে মিরপুর রোডের (ধানমন্ডির) ৩২ নম্বর বাড়ির সামনে যায়। ওই ট্রাকে একটিতে ল্যান্সার মহিউদ্দিন সামনের সিটে ছিল।
"মহিউদ্দিনের শনাক্তকরণ নিয়ে সাক্ষী আবদুল গণি ও এলডি বশির আহমেদের বক্তব্যের মধ্যে গড়মিল রয়েছে। গণি সাক্ষ্যে বলেছে, সে ল্যান্সার মহিউদ্দিনকে চেনে না। নূর চৌধুরী ও বজলুল হুদাকে চেনে। সাক্ষী বশির বলেছে তাকে চেনে।"
এ সময় আদালত বলেন, "এই দুই সাক্ষীর বক্তব্যের মধ্যে মিল হলো, ল্যান্সার মহিউদ্দিন ৩২ নম্বর বাড়িতে প্রবেশ করেছে। তারা সেনাসদস্য। তারা একে অপরকে চেনে।"
সাক্ষী দফাদার শফিউদ্দিন সরদারের সাক্ষ্য উপস্থাপন করে মামুন বলেন, "এই সাক্ষী বলেছে, সেনানিবাস থেকে নাস্তা নিয়ে আসার পর সে জানতে পারে যে ল্যান্সার মহিউদ্দিন ওই সময় বঙ্গবন্ধুর বাড়ির সামনে উপস্থিত ছিল।"
আদালত তখন মামুনের কাছে জানতে চায়, "ওই সময় বলতে কি বোঝানো হচ্ছে?"
ব্যারিস্টার মামুন বলেন, "ওই সময় বলতে বোঝানো হয়েছে ঘটনার পর।"
এরপর আদালত হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগে ল্যান্সার মহিউদ্দিন ওই বাড়ির সামনে উপস্থিত ছিল কি না- এ বিষয়ে ব্যারিস্টার মামুনকে বক্তব্য রাখতে বলে।
ষড়যন্ত্রের উপাদান বিষয়ে ১১ জন সাক্ষীর বরাত দিয়ে ব্যারিস্টার মামুন বলেন, "এই সাক্ষীদের বক্তব্যে ল্যান্সার মহিউদ্দিনের বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার কোনো উপাদান নেই।"
ব্যারিস্টার মামুন আর্টিলারী মহিউদ্দিনের জবানবন্দি উপস্থাপন করে বলেন, "১৫ আগস্ট ভোরে রাষ্ট্রপতির ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। ওই দিন তার রাজতন্ত্র ঘোষণা করার কথা। তাকে উৎখাত করার কথাও আর্টিলারী মহিউদ্দিন তার জবানবন্দিতে উল্লেখ করেন।"
আদালত ব্যারিস্টার মামুনের কাছে জানতে চান, তিনি আর্টিলারী মহিউদ্দিনের জবানবন্দির ওপর নির্ভর করেন কি না।
জবাবে মামুন জানান, তিনি শুধু সাক্ষীদের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরতে চান।
তিনি বলেন, "সাক্ষী সিরাজুল হকের বক্তব্যের ওপর ভিত্তি করে ল্যান্সার মহিউদ্দিনকে সাজা দেওয়া হয়েছে।"
সাক্ষী মেজর জিয়াউদ্দিন আহমেদ, কর্নেল সাফায়াত জামিল ও মেজর জেনারেল খলিলুর রহমানের সাক্ষ্য উপস্থাপন করে মামুন বলেন, "এই তিনজন ল্যান্সার মহিউদ্দিনকে বঙ্গভবন ও রেডিও স্টেশনে দেখেছে। কিন্তু রেডিও স্টেশনে থাকার অর্থ ষড়যন্ত্রে জড়িত থাকা নয়। ফলে ল্যান্সার মহিউদ্দিন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল না।"
শুনানির শেষ পর্যায়ে আদালত ব্যারিস্টার মামুনকে রোববার এক ঘণ্টার মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে বলেন। প্রয়োজনে লিখিত আকারে বক্তব্য উপস্থাপন করার জন্যও আদালত তাকে পরামর্শ দেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি চলে। শুনানির শুরুতেই আদালত ব্যারিস্টার মামুনকে বৃহস্পতিবারের মধ্যেই তার বক্তব্য শেষ করার তাগিদ দেয়।
মামুন এখন আসামি একেএম মহিউদ্দিনের পক্ষে শুনানি করছেন। তা তিনি শুরু করেন বুধবার। এর আগে তিনি আরেক আসামি বজলুল হুদার পক্ষে যুক্তিতর্ক শুনানি করেন।
আপিলকারী চার আসামির পক্ষে যুক্তিতর্ক ইতোমধ্যে শেষ হয়েছে। দুই আসামি সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাদের কৌঁসুলি খান সাইফুর রহমান। অপর আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের পক্ষে শুনানি করেন তার কৌঁসুলি আবদুর রেজ্জাক খান।
আসামি পক্ষের যুক্তিতর্কের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বক্তব্য রাখবেন।
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/এমআই/এসএইচ/১৯৩৯ ঘ.
bdnews24