২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শুনানি হলো

দুদিন বিরতির পর রোববার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে বঙ্গবন্ধু মামলার আপিল আবেদনের ওপর যুক্তিতর্ক চলে। আসামি বজলুল হুদার পক্ষে তার কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বক্তব্য উপস্থাপন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 04:31 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুদিন বিরতির পর রোববার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে বঙ্গবন্ধু মামলার আপিল আবেদনের ওপর যুক্তিতর্ক চলে। আসামি বজলুল হুদার পক্ষে তার কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বক্তব্য উপস্থাপন করেন। সকাল পৌনে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চে শুনানি চলে। আসামি বজলুল হুদার নির্দোষিতার পক্ষে যুক্তি তুলে ধরে তার কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সাক্ষী আবদুল কুদ্দুসের সাক্ষ্য পাঠ করে শুনানিতে বলেন, "বঙ্গবন্ধুকে হত্যার পর লাশ নিয়ে মেজর বজলুল হুদা বিমানবন্দরে যান। আগে অপর নয়টি লাশ নিয়ে যান বনানীতে। এর আগে ১০টি কাঠের বাক্সের (কফিন) জন্য তিনি মোহাম্মদপুরে যান। "একজন মানুষের পক্ষে কোনও হত্যাকাণ্ডের পর আবার এতগুলো কাজ করা সম্ভব নয়। খুন করার পর সে এমনিই অস্বাভাবিক হয়ে যায়।" কড়া নিরাপত্তায় গত ৫ আগস্ট এ মামলার আপিল আবেদনের শুনানি শুরু হওয়ার পর গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। যুক্তিতর্কের আগের দিন পর্যন্ত মামলার পেপার বুক উপস্থাপন করেন ব্যারিস্টার মামুন। বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। এ মামলায় অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করছেন ১৮ জন আইনজীবী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। এ বছরের মাঝামাঝিতে আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের পরপরই বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আপিল শুনাানি শুরুর উদ্যোগ নেয় সরকার। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে ঝুলে ছিল। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ কয়েকজন পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরবি/এমআই/১৩৫০ ঘ.