ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু হত্যা মামলার হাইকোর্টের রায়ের সাক্ষ্য-প্রমাণে উল্লেখ করা হয়েছে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিভিন্ন সরকার বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা ও পুনর্বাসন করেছিল।
ঘটনার পরপরই নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছিল পাকিস্তান।
সোমবার এ কথা শুনেছে বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ। সকাল নয়টা ৪২ মিনিটে ষষ্ঠদিনের মতো এ শুনানি হয়ে দুপুর ১টা ৩৫ মিনিটে এ দিনের মতো শেষ হয়।
শুনানির পর আসামি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, "বিচারপতি এটিএম খায়রুল হকের রায় পড়েছি। লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান ও অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদার ব্যাপারে রায়ের অংশ থেকে পাঠ করেছি। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বক্তব্যও পাঠ করে শোনানো হয়েছে।"
বিচারপতি খায়রুল হকের রায় উদ্ধৃত করে মামুন বলেন, "এতে আসামিদের হত্যাকারী ও ষড়যন্ত্রকারী হিসেবে চিিহ্নত করে দোষী সাব্যস্ত করা হয়েছে।"
"ষড়যন্ত্রের বিষয়ে তৎকালীন কুমিল্লা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে যে বক্তব্য দিয়েছেন, আদালতে ওই রকমের বক্তব্য দেননি। তারপরও বিচারপতি খায়রুল হক তার বক্তব্য গ্রহণ করেছেন। আসামিদের দোষী সাব্যস্ত করেছেন", বলেন মামুন।
তিনি আরও জানান, বিচারপতি খায়রুল হক রায়ে বলেছেন কর্নেল ফারুকসহ অন্য আসামিরা বিভিন্ন সরকারের আনুগত্য পেয়েছে। এ থেকে বোঝা যায়, তারাই প্রকৃত খুনি। রায়ে এসব বিষয় উল্লেখ করা হয়েছে।
সোমবার বঙ্গবন্ধু হত্যা মামলার পেপার বুকের ১২৪০ থেকে ১৪৭৪ পৃষ্ঠা পর্যন্ত পড়ে শোনানো হয়।
শুনানির পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "কর্নেল শাফায়েত জামিল তার সাক্ষ্যে বলেছেন মেজর ডালিম কিভাবে অস্ত্রের মুখে মেজর জেনারেল সফিউল্লাহকে জিম্মি করেছিলেন। বিচারপতি খায়রুল হকের রায়ে এ বিষয়ে উল্লেখ আছে।
ওই রায় উদ্ধৃত করে তিনি আরও জানান, সেখানে এটাও উল্লেখ আছে, কিভাবে খুনিদের বিদেশি দূতাবাসে পাঠানো হয়েছিল। খন্দকার মোশতাক খুনিদের সূর্যসন্তান হিসেবে আখ্যায়িত করেছিলেন। পাকিস্তান এ ঘটনার পর পরই নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছিল।
শাফায়েত জামিল তার সাক্ষ্যে বলেছেন, দায়মুক্তি (ইমডেমনিটি) অধ্যাদেশ জারি করে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিভিন্ন সরকার খুনিদের রক্ষা করেছে। জানান রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা।
তিনি বলেন, "পঁচাত্তরের ঘটনার পর পর জেনারেল সফিউল্লাহ ছিলেন বিপর্যস্ত ও কর্নেল শাফায়েত জামিল ছিলেন অস্ত্রের মুখে জিম্মি। কিন্তু ওই সময় জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত স্বাভাবিক।"
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এর ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে ২৪ জনকে আসামি করে মামলা হয়।
আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের পরপরই বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আপিল শুনানি শুরুর উদ্যোগ নেয় সরকার। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে ঝুলে ছিল।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ বাকিরা পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/এসএইচ/১৬০৯ ঘ.
bdnews24