ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি সোমবার দুপুরে প্রথম দিনের মতো শেষ হয়েছে।
মঙ্গলবারও শুনানি অব্যাহত থাকবে।
প্রথমদিন মামলার আপিল শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবারও তিনি শুনানিতে অংশ নেবেন।
শুনানি শেষে ব্যারিস্টার মামুন সাংবাদিকদের বলেন, "আপিল বিভাগ এ মামলায় রিট মঞ্জুর করে যে আদেশ দিয়েছিল শুনানিতে আজ (সোমবার) তা উপস্থাপন করেছি। এছাড়া পেপারবুকের ৬০৮-৬৯১ পৃষ্ঠা পর্যন্ত পড়া শেষ করেছি।"
পেপারবুকে মোট ১ হাজার ৫শ' ৩০ পৃষ্ঠা রয়েছে বলেও জানান তিনি।
মামুন বলেন, "হাইকোর্টের যে তিনজন বিচারপতি রায় দিয়েছিলেন তার মধ্যে বিচারপতি মো. রুহুল আমিনের দেওয়া রায়ের বেশ কিছু উপস্থাপন করেছি আজকের শুনানিতে। রায়ে মো. রুহুল আমিন বলেছেন, আসামি সৈয়দ ফারুক রহমান, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও সুলতান শাহরিয়ার রশিদ খান স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি দিয়েছেন তা স্বেচ্ছাপ্রণোদিত নয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের সময় ম্যাজিস্ট্রেট ফরমের তিনটি কলাম পূরণ করেননি। কিন্তু এটি পূরণ করা বাধ্যতামূলক ছিল।
"বিচারপতি রুহুল আমিনের মতে, এ তিনটি জবাবনবন্দী আইনের দৃষ্টিতে কোনো জবানবন্দীই না।"
আব্দুল্লাহ আল মামুন বলেন, "শুনানিতে সৈয়দ ফারুক রহমানের পক্ষে তার কৌঁসুলি খান সাইফুর রহমান সরকারপক্ষের আপিলের সংক্ষিপ্তসার দায়েরের বিলম্বের আপত্তি জানিয়ে করা আবেদন আদালতের কার্যতালিকায় না আসার বিষয়টি আদালতকে জানান। এসময় আদালত জানায়, এ আবেদনটি মঙ্গলবারের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হবে। এছাড়া যে পাঁচ যুক্তিতে আপিল বিভাগ ইতোপূর্বে লিভ মঞ্জুর করেছিল তার ওপরই শুনানি করতে হবে।"
ব্যারিস্টার মামুন আদালতে বলেন, "এই ৫টি যুক্তির সাথে সংশ্লিষ্ট অপর যুক্তিগুলো আদালতে উপস্থাপন করা প্রয়োজন।"
সাংবাদিকদের তিনি বলেন, "হাইকোর্টের যে তিনজন বিচারপতি রায় দিয়েছিলেন, তার মধ্যে এক বেঞ্চে দুই বিচারপতি বিভক্ত রায় দিয়েছেন। তিন বিচারপতির রায়ই আদালতের সামনে উপস্থাপন করা প্রয়োজন। কারণ আপিল বিভাগের বিচারপতিদের এই ওই রায়ের বিষয়ে জানানো প্রয়োজন।"
শুনানির সময় আদালতে অ্যাটর্নি জেনারেল এবং সরকারের নিযুক্ত অন্যান্য আইন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক আইন আইনজীবী উপস্থিত ছিলেন।
সোমবার সকাল পৌনে ১০টায় আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়।
বিচারপতিরা হলেন- মো. তাফাজ্জাল ইসলাম, মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে শুনানি শুরু হয়।
রোববার বেঞ্চটি গঠন করেন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন।
বেঞ্চ গঠনের পর এ মামলার আপিল শুনানি এ বছরের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি রোববার সাংবাদিকদের বলেন, "বহুদিন ধরে এ মামলার শুনানির প্রতীক্ষা করছিলাম। শুনানি শুরু ও শেষ হলে জাতি স্বস্তি পাবে।"
মাহবুবে আলম জানান, এ মামলায় সহায়তায় অ্যাটর্নি জেনারেলের দপ্তরের অন্তত ১০ জন আইন কর্মকর্তার একটি দল কাজ করবে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়।
বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
আপিল বিভাগের নতুন বেঞ্চ গঠনের পর মামলাটিতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আনিসুল হক রোববার সাংবাদিকদের বলেন, "আপিল বিভাগের বেঞ্চ গঠিত হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। কাল (সোমবার) থেকে শুনানি শুরু করা যাবে।"
রাষ্ট্রপক্ষ এ মামলার সংক্ষিপ্তসার নির্দিষ্ট সময়ে আপিল বিভাগে জমা দেয়নি বলে স
bdnews24