অবরোধে ঢাকা সদরঘাটে যাত্রী কম
সকালে ঢাকার সদরঘাট থেকে লঞ্চ ছেড়েছে সাতটি। তবে `যাত্রী কম থাকায়' চারটি লঞ্চ ঘাট ছেড়ে যায়নি।
বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন ঢাকার সদরঘাট থেকে কয়েকটি লঞ্চ ছেড়ে গেলেও যাত্রী তুলনামূলকভাবে কম।
বিআইডব্লিটিএ এর পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন জানান, মঙ্গলবার সকালে সদরঘাট থেকে লঞ্চ ছেড়েছে সাতটি। যাত্রী কম থাকায় চারটি লঞ্চ সদরঘাট ছেড়ে যায়নি। সকাল ৯টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল থেকে ৩৪টি লঞ্চ নিরাপদে ঢাকা সদরঘাটে পৌঁছেছে।
তিনি বলেন, সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে গেছে ইমাম হাসান, সোনার তরী-২, বোগদাদীয়া ও রায়হান-১ লঞ্চ। ভোলার ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গেছে দোয়েল পাখি ও কর্ণফুলী-১৪। এছাড়া বরিশালে মুলাদীর পথে গেছে লঞ্চ লামিয়া।
সদরঘাট নৌ থানার ওসি আবুল কালাম বলেন, “নৌপথ নিরাপত্তার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।“
বিএনপির শনিবারের সমাবেশ ঘিরে সংঘর্ষ এবং পরদিন রোববার হরতালের পর মঙ্গল থেকে বৃহস্পতিবার সারা দেশে তিন দিনের এই অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি। তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামীও একই কর্মসূচি দিয়েছে।
অবরোধের প্রথম দিন সকালে রাজধানীতে যানবাহন চলাচলও অনেকটাই স্বাভাবিক দেখা গেছে।
