২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেংগেন ভিসা: ‘অবশ্যই’ মানতে হবে ভ্রমণ পরিকল্পনা

কোনো এক দেশের দূতাবাস থেকে ভিসা নিয়ে ইউরোপের অন্যান্য দেশেও ভ্রমণের সুযোগ থাকে এই ভিসায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 09:47 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

শেংগেন ভিসায় ইউরোপে গেলে ‘অবশ্যই অনুসরণ’ করতে হবে ভিসা আবেদনের সঙ্গে দেওয়া ভ্রমণ পরিকল্পনা।

না মানলে পরবর্তী সময়ে ভিসা পেতে অনিশ্চয়তা তৈরি হওয়ার কথা বলেছে ঢাকা অবস্থিত শেংগেনভুক্ত দেশগুলোর দূতাবাস।

সোমবার জার্মানিসহ বিভিন্ন শেংগেনভূক্ত দেশের ফেইসবুক পাতায় এ বিষয়ে একযোগে সতর্কতা জারি করেছে।

জার্মানি দূতাবাসের ফেইসবুক পাতায় দেওয়া সতর্কবার্তায় বলা হয়, “আপনি কি আপনার শেংজেন ভিসার অনুমোদন পেয়েছেন? তাহলে অভিনন্দন! 

“আপনার আবেদনে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনাটি অবশ্যই অনুসরণ করবেন। আপনার পূর্বনির্ধারিত ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুত হলে ভবিষ্যতে শেংজেন দেশগুলোর ভিসা প্রত্যাখ্যান হতে পারে।”

সাধারণত ইউরোপের শেংগেনভূক্ত ২৯টি দেশে ৯০ দিনের কম সময় ভ্রমণের ক্ষেত্রে এমন ভিসা ইস্যু করা হয়। কোনো এক দেশের দূতাবাস থেকে ভিসা নিয়ে অন্যান্য দেশেও ভ্রমণের সুযোগ থাকে এই ভিসায়।

এখন ভিসা আবেদনে একজন যে পরিকল্পনা দেবেন, তার বাইরে অন্য দেশে যাওয়ার সুযোগ কমে গেল।