২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর রাতে নৌকায় হামলা, হালদায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

দুই দল যুবকের মধ্যে কথাকাটাকাটির জেরে নৌকায় হামলার ঘটনায় পানিতে পড়ে সাব্বির নিখোঁজ হয়েছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 01:30 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

চট্টগ্রামের হাটহাজারিতে ওরশের মেলা থেকে ফেরার পথে হামলার ঘটনায় পানিতে পড়ে নিখোঁজ নৌকাযাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার হাটহাজারি ও রাউজান উপজেলার সীমান্তবর্তী মাদিরহাট সংলগ্ন হালদা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে রামদাস মুন্সীর হাট হালদা নৌ তদন্ত কেন্দ্রের এসআই হাবিবুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। 

উদ্ধার করা লাশটি ২১ বছর বয়সী তরুণ মো. সাব্বিরের, তিনি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বাসিন্দা। 

এসআই হাবিবুর রহমান গত রোববার জানিয়েছিলেন, শনিবার রামদাস মুন্সীর হাটে পোয়া ফকির মাজারের বার্ষিক ওরশে গিয়েছিলেন সাব্বিরসহ আরও কয়েকজন। সেখানে দুই দল যুবকের মধ্যে কথাকাটাকাটির জেরে নৌকায় হামলার ঘটনায় পানিতে পড়ে সাব্বির নিখোঁজ হয়েছিলেন।

“রাত সাড়ে ১২টার দিকে নিখোঁজ যুবক ও সহযাত্রীরা ওরশ থেকে বাড়ি ফেরার জন্য নৌকায় উঠেছিলেন। যাদের সাথে তাদের ওরশে ঝামেলা হয়েছে তারা নৌকায় হামলা চালালে পানিতে পড়ে নিখোঁজ হয় সাব্বির।”

এদিকে নিখোঁজ সাব্বিরের খোঁজে ফায়ার সার্ভিস ডুবুরি দল রোববার হালদা নদীতে তল্লাশি চালিয়েছিল। ঘটনানাস্থল থেকে কয়েক প্রায় দেড় কিলোমিটার দূরে গাছের সাথে লাগানো একটি জ্যাকেট উদ্ধার করে তারা। 

নিখোঁজ সাব্বিরের মা জ্যাকেটটি তার ছেলের বলে শনাক্ত করেছিলেন বলে জানিয়েছিলেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার জিসান আহাম্মেদ। 

হালদায় গভীর রাতে নৌকায় হামলা, নদীতে পড়ে যুবক নিখোঁজ