১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হালদায় গভীর রাতে নৌকায় হামলা, নদীতে পড়ে যুবক নিখোঁজ

“ঘটনাস্থল থেকে দেড়/দুই কিলোমিটার দূরে গাছের সঙ্গে আমরা একটি জ্যাকেট পেয়েছি, সেটি ওই যু্বকের বলে তার স্বজনরা জানিয়েছেন,” বলেন ডুবুরি দলের লিডার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 07:32 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

চট্টগ্রামের হাটহাজারীতে ওরশে বিতণ্ডার জেরে হালদায় নৌকার যাত্রীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

উপজেলার রামদাস মুন্সীর হাটে হালদা নদীতে শনিবার গভীর রাতে এ ঘটনার সময় এক যুবক নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

মো. সাব্বির নামে ২১ বছরের ওই যুবকের বাড়ি রাউজানের উরকিরচর ইউনিয়নে। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি।

রামদাস মুন্সীর হাট হালদা নৌ তদন্ত কেন্দ্রের এসআই হাবিবুর রহমান বলেন, “শনিবার রামদাস মুন্সীর হাটে পোয়া ফকির মাজারের বার্ষিক ওরশ ছিল। সেখানে দুই দল যুবকের মধ্যে কথাকাটাকাটির জেরে নৌকায় হামলার ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি।”

তিনি বলেন, “শনিবার রাত সাড়ে ১২টার দিকে নিখোঁজ যুবক ও সহযাত্রীরা ওরশ থেকে বাড়ি ফেরার জন্য নৌকায় উঠেছিলেন। যাদের সঙ্গে তাদের ওরশে ‘ঝামেলা’ হয়েছে, তারা নৌকায় হামলা চালালে পানিতে পড়ে নিখোঁজ হন সাব্বির।”

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার জিসান আহাম্মেদ বলেন, “নদীটি বেশি বড় না হলেও স্রোত আছে। রাতে এক যুবক নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সকাল থেকে উদ্ধার কার্যক্রম চালিয়েছি। সন্ধ্যা ৬টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে যাওয়া যায়নি।”

তিনি বলেন, “ঘটনাস্থল থেকে দেড়/দুই কিলোমিটার দূরে গাছের সঙ্গে আমরা একটি জ্যাকেট পেয়েছি। জ্যাকেটটি নিখোঁজ যুবকের বলে দাবি করেছেন তার মা ও স্বজনরা।”