Published : 17 Jun 2026, 06:43 PM
রাজধানীর আদাবরে এমএফএস এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই ও পরে অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে আটক করেছে র্যাব।
মোহাম্মদপুর ও মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে তাদের আটকের তথ্য বুধবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তুলে ধরা হয়।
আটক ব্যক্তিদের একজন ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু, যাকে মোহাম্মদপুরের ‘শীর্ষ সন্ত্রাসী’ বলছে র্যাব। অন্যরা হলেন- আবু সাঈদ, রাশেদ খন্দকার, মো. লিটন, মো. তৌসিফ ও মো. তরিকুল ইসলাম।
র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান ব্রিফিংয়ে বলেন, আবু সাঈদ জিজ্ঞাসাবাদে নিজেকে ‘কবজিকাটা আনোয়ার’ গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ পরিচয় দিয়েছেন। এক্সেল বাবু ‘কবজিকাটা’ আনোয়ারেরও গুরু। ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার কথা তারা ‘স্বীকার করেছেন’।

গ্রেপ্তারদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি সামুরাই সোর্ড উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।
আদাবরে একজন এমএফএস এজেন্টকে মঙ্গলবার সকালে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীর। ওই ঘটনায় বিকালে অভিযানে গেলে আদাবর থানার ওসি ও একজন এসআইকে চাপাতি দিয়ে আঘাত করা হয়। এসময় পুলিশ গুলি ছুড়লে সন্দেহভাজন দুজন আহত হন।
ঘটনাস্থল থেকে রুবেল, কাশেম, আমির ও জয় নামের চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে আমির ও রুবেল পুলিশের গুলিতে আহত হন। সব মিলিয়ে ওই ঘটনায় ১০ জন আটক হলেন।