২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘মানবপাচার চক্রের’ সদস্য গ্রেপ্তার

র‌্যাবের ভাষ্য, সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন ওই ব্যক্তি।

ঢাকায় ‘মানবপাচার চক্রের’ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার মো. ইকবাল হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 06:00 PM

Updated : 11 Oct 2022, 06:00 PM

ঢাকার পল্টন থেকে একজনকে গ্রেপ্তারের পর র‌্যাব জানিয়েছে, ওই ব্যক্তি মানবপাচার চক্রের সঙ্গে জড়িত।

সোমবার রাতে মো. ইকবাল হোসেনকে (৪৪) গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান।

ইকবালের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলায়।

তিনজন ভুক্তভোগীর স্বজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ফারজানা হক।

তিনি বলেন, “ইকবালের জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স নেই। সে সৌদি আরবে ফার্মেসিতে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ লোভনীয় কথাবার্তায় প্রতারণা করে বিভিন্নজনের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।”

পরে সৌদি আরবে তার সহযোগীরা ভুক্তভোগীদের পাসপোর্ট আটকে রেখে তাদের নির্যাতন করে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

“পরবর্তীতে ভুক্তভোগীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে এবং সৌদি আরবে চাকরির জন্য আরও টাকা দাবি করে।”