২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন সহোদর খুনের ঘটনায় মামলা, আসামি ২৪

নোয়াখালীর সোনাইমুড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন ভাইকে খুনের একদিন পর ২৪ জনকে আসামি করে মামলা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 12:44 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

সোনাইমুড়ি থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, নিহতদের ছোট ভাই মোরশেদ আলম বাদী হয়ে সোমবার রাতে এই মামলা দায়ের করেন।

ঈদের পরদিন রোববার দুপুরে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাজীনগর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে খুন হন মোখছেদ উল্যাহর তিন ছেলে- হারুন (৩৬), কামাল (৩৪) ও বাবলু (২৫)।

এলাকাবাসী জানায়, খেলা চলার সময় বাবলু একটি গোল করলে তা নিয়ে প্রতিপক্ষের খেলোয়াড় রফিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিকের পক্ষের কয়েকজন বাবলুর উপর হামলা করলে তার দুই ভাই কামাল ও হারুন ছুটে যান। এরপর রফিক ও তার লোকজন তিন ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। 

হামলাকারীদের দেশীয় অস্ত্র ও লাঠি সরবরাহের অভিযোগে ঘটনার দিন বিকালে ফাতেমা বেগম (২৭) নামে এক নারীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।

ওসি হানিফুল বলেন, “ফাতেমা মির্জানগর গ্রামের নূর নবীর স্ত্রী। ঈদের দিন কাজীনগরে বাবার বাড়িতে এসে হামলায় অস্ত্রের জোগান দেন তিনি। তাকেও মামলায় আসামি করা হয়েছে।”

জেলার পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে সোমবার রাতেও চাটখিল ও সেনবাগ উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে।

“আত্মীয়দের বাড়িতে কয়েক আসামির আত্মগোপনের খবর পেয়ে দুই উপজেলায় অভিযান চালানো হয়েছিল। কিন্তু কাউকে পাওয়া যায়নি।”

পুরনো খবর:

নোয়াখালীতে ৩ সহোদর খুন