গাইবান্ধায় জেএমবি সদস্য গুলিতে নিহত
গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাবেক এক সদস্য দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এক সময় জেএমবির সক্রিয় সদস্য থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি নিষ্ক্রিয় ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সাঘাটা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, রোববার রাতে উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের মামুদপুর গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্লুইস গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফজলে রাব্বী (৩২) একই ইউনিয়নের বসন্তেরপাড়া গ্রামের মো. সাদাক্কাছ মন্ডলের ছেলে এবং জেএমবির অনুসারী ছিলেন।
জেএমবি সংশ্লিষ্টতার কারণে তার বিরুদ্ধে সাঘাটা থানায় একাধিক মামলা থাকায় দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুমাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল্যা মন্ডলকে (৫০) আটক করা হয়েছে বলে জানান ওসি।
নিহতের বাবা সাদাক্কাছ মন্ডল বলেন, ফজলে রাব্বী ২০০৭ সালে জেএমবি ছেড়েছেন। এরপর থেকে সে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ব্যবসা করতেন। ঈদের ছুটিতে শুক্রবার বাড়ি এসেছিলেন।
“রোববার রাত সাড়ে ৮টার দিকে জুমারবাড়ি বাজার থেকে প্রতিবেশী চাচা জুমাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল্যা মন্ডলের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল। পথে স্লুইস গেইট এলাকায় দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে রাব্বীকে গুলি করে পালিয়ে যায়।”
ওসি রফিকুল বলেন, স্থানীয়রা রাতেই তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত দেড়টার দিকে তিনি মারা যান।
জেএমবির অর্থনৈতিক বিরোধ কিংবা সংগঠন ত্যাগ অথবা সংগঠনের অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে জেএমবির সদস্যরাই তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
