২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রথযাত্রা উৎসব শুরু

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে শনিবার থেকে। আগামী ২৬ জুলাই উল্টোরথের মধ্য দিয়ে শেষ হবে রথ যাত্রা উৎসব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 08:28 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

এ উপলক্ষে বিভিন্ন সংগঠন ও মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে।

রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আযোজন করেছে।

প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে মানিকগঞ্জের ধামরাইয়ে।

শনিবার সকালে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়নসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান।

রথযাত্রা উপলক্ষে দুপুরে স্বামীবাগ ইসকন আশ্রমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

আলোচনা সভা শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন।

পরে ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ বিশাল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি রাজধানীর টিকাটুলি, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা হয়ে পুরানা পল্টন, প্রেসক্লাব দিয়ে দোয়েল চত্বর ঘুরে টিএসসি ও জগন্নাথ হলের সামনে দিয়ে পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে এসে শেষ হয়।

রথযাত্রা উপলক্ষে ঢাকেশ্বরী মেলা প্রাঙ্গণসহ সারা দেশের বিভিন্ন স্থানে নানা ধর্মীয় আয়োজন ও মেলা শুরু হয়েছে।

শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির ও শ্রী শ্রী রাধাকান্ত জিউ মন্দিরও যৌথভাবে উৎসব উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।