২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষক নজরুলের

ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও  অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন পটুয়াখালীর এক স্কুল শিক্ষক।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 06:40 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

এতে আহত হয়েছেন অটোরিকশা ও মোটরসাইকেল  চালকসহ অন্তত তিনজন।

শনিবার দুপুরে পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কের গাবুয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার এসআই মেহেদী হাসান।

নিহত নজরুল ইসলাম (৪২) পাংগাশিয়া মমতাজ উদ্দীন মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক। তিনি শহরের পাংগাশিয়া এলাকার বাসিন্দা।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  পটুয়াখালী শহরের একতা সড়কের বাসা থেকে সকালে পাংগাশিয়ায় ঈদের জামাতে অংশ নিতে যান নজরুল।

বেলা ১টার দিকে নামাজ শেষে মোটরসাইকেলযোগে বাসায় আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী নজরুল ঘটনাস্থলে মারা যান।  

মেহেদী আরও জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন অটোরিকশার চালক, এক আরোহী ও মোটরসাইকেল চালক।