২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে বন্দিদের ঈদ

সবার মতো গাজীপুরের কাশিমপুর কারাগারের বন্দিরাও ঈদ উদযাপন করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 03:51 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

এখানে রয়েছেন ফাঁসিসহ বিভিন্ন দণ্ডে দণ্ডিত আসামিরা, যাদের মধ্যে সাবেক মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দও আছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার ফরিদুর রহমান রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কারাগারে ১০ ট্রাক অস্ত্র মামলায় দণ্ডিত সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যুদ্ধাপরাধে দণ্ডিত বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের (সাকা) চৌধুরীসহ ৭৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন।

ফাঁসির আসামিদের জন্য নির্ধারিত সেল এলাকায় পৃথকভাবে তাদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা করা হয়।

জেলার ফরিদুর রহমান আরও জানান, এ কারাগারে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাইদী, বিএনপি নেতা সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা উয়িং কমান্ডার মো. সাহাব উদ্দিন, নারায়ণগঞ্জের সেভেন মার্ডার মামলার আসামি সাবেক লে. কমান্ডার এম মাসুদ রানা, মেজর আরিফ, তথ্য প্রযুক্তি মামলায় গ্রেপ্তার মেজর মুকিত এবং হলমার্ক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দুই কর্মকর্তা বন্দি রয়েছেন।

তারাও এ কারাগারে ঈদের নামাজ আদায় করেন।

এ কারাগারের আট শতাধিক বন্দি চার জামাতে ঈদের নামাজে অংশ নেন বলে ফরিদুর রহমান জানান।

কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাসির উদ্দিন জানান, তার কারাগারে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা মীর কাসিম আলী, এটিএম আজহার আলীসহ ১০৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন।

এ কারাগারের আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপি নেতা রুহুল কবির রিজভী, সামসুজ্জামান দুদু ও কর্নেল এহসান ইউসুফসহ আড়াই হাজারের মতো বন্দি ঈদের সাতটি জামাতে অংশ নেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন জামায়াত নেতা সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীসহ ৫০৮ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

এ কারাগারে এক হাজার তিনশর মতো বন্দি রয়েছেন।

এখানে দুইটি পৃথক জামায়াতে তারা ঈদের নামাজ আদায় করেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার সালমা জাহান জানান, বিএনপির সাবেক সাংসদ সৈয়দা অসিফা আশরাফি পাপিয়াসহ তিন শতাধিক বন্দি রয়েছেন এ কারাগারে।

তবে এ কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি বলে জানান তিনি।

বন্দিদের জন্য বিশেষ খাবার

ঈদ উপলক্ষে কাশিমপুর কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

সকালে রয়েছে মুড়ি ও পায়েস; দুপুরে ভাত, মাছ ভাজা, আলুর দম ও ডিম। রাতে রয়েছে পোলাও-মাংস, সালাদ, মিষ্টি, কোমল পানীয় ও পান-সুপারি।