কুমিল্লায় বাসচাপায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
ঈদের সকালে কুমিল্লার বুড়িচং ও চান্দিনা উপজেলায় বাসের চাপায় বাবা ও ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দুই সদস্য জানিয়েছেন।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার রামপুর গ্রামের আজহারুল ইসলাম (৪২) এবং তার নয় বছর বয়সী ছেলে নূর মোর্শেদ।
অন্যদিকে চান্দিনা উপজেলার দুর্ঘটনায় নিহত হাসু বেগমের (৫০) বাড়ি একই উপজেলার দোতালা গ্রামে।
ময়নামতি হাইওয়ে পুলিশ ফঁড়ির এসআই অমর চন্দ্র দাশ জানান, সকাল সাড়ে ৮টায় বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন আজহারুল।
“এ সময় দ্রুতবেগে আসা সিলেট থেকে কুমিল্লাগামী দূরপাল্লার একটি বাস তাদের চাপা দেয়। এতে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে মারা যায়।”
এ ঘটনায় বাসটির চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে সকাল পৌনে ৭টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় বাসচাপায় পথচারী ভিক্ষুক হাসু বেগম মারা যান বলে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম জানান।
তিনি বলেন, ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে তার নিচে চাপা পড়েন ওই নারী।
এ ঘটনায় বাসের অন্তত ১৫জন যাত্রী আহত হয়েছেন। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
