ঈদের ছুটিতে অন্য ঢাকা
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কয়েক লাখ মানুষ ঢাকা ছাড়ায় বদলে গেছে রাজধানীর চিত্র; প্রচণ্ড যানজটের শহর ঢাকা এখন অনেকটাই ফাঁকা।
শুক্রবার সকাল থেকেই রাজধানীর পল্টন, রমনা, কাকরাইল, মিন্টো রোড, শাহবাগ, রাজারবাগ, পান্থপথ, এলিফ্যান্ট রোড ও উত্তরা এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে।
রাজধানীর অভিজাত বিপণীবিতানগুলোর সামনেও চোখে পড়েনি চিরচেনা ভিড়। রাস্তার পাশের ছোট বিপণীবিতানগুলোতে লোকজন নেই বললেই চলে। সড়কে দেখা যায়নি বাসের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা।
জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকের চায়ের দোকানি আলম বলেন, “ঢাকা ফাঁকা হইয়া গেসে মামা। আগে দুপুরের সময় প্রেসক্লাবের সামনে অনেক গাড়ি জ্যামে বইসা থাকত। আইজ কিসু নাই।”
ঢাকা মহানগর পুলিশের কনস্টেবল মো. কামরুল আলম হৃদয় শনিবার রাজধানীর কাকরাইল, প্রেসক্লাব, বেইলিরোড এলাকায় দায়িত্ব পালন করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্যান্য দিনের মতো ঢাকায় মানুষের ভিড় নেই। রাস্তাগুলো অনেকটাই ফাঁকা। পথে চলাচল করতে কোনো ধরনের যানজটে পড়তে হচ্ছে না কাউকে।”
বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে ঈদের কেনাকাটা করতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের আগে ঢাকা ফাঁকা থাকে বলে কেনাকাটা করতে বের হয়েছি। কেনাকাটা শেষে খুব সহজেই মিরপুর ফিরে যেতে পারব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহবুব জানান, শনিবার সকাল ১০টার দিকে প্রাইভেট কারে উত্তরা থেকে যাত্রা করে গুলশান-২ নম্বর মোড়ে আসতে তার ১৭ মিনিট সময় লেগেছে, যেখানে অন্য সময় এই রাস্তা পাড়ি দিতে ঘণ্টাখানেক লেগে যায়।
শনিবার রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনও ছিল তুলনামূলক কম।
ট্রাফিক কন্ট্রোলরুমের অপারেটর আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল থেকে ঢাকার কোথাও যানজটের খবর পাননি তারা। অন্যান্য দিনের চেয়ে রাস্তায় লোকজন অনেকটাই কম।
আমাদের প্রতিবেদক ফয়সাল আতিক জানান, সকালে রামপুরা থেকে নতুন বাজার, গুলশান, মহাখালী, ফার্মগেইট, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, নিউ মার্কেট এলাকা ঘুরে কোথাও যানজট চোখে পড়েনি।
ট্রাফিক সিগন্যালে গাড়িগুলোকে এক মিনিটও অপেক্ষা করতে হচ্ছে না বলে জানান তিনি।
ফয়সাল বলেন, বৃহস্পতিবার রাতেও যানজটের কারণে শাহবাগ, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, গুলিস্তান, মহাখালী, মগবাজার এলাকায় গণপরিবহনগুলো ঠাঁই দাঁড়িয়ে ছিল ঘণ্টার পর ঘণ্টা। আর শনিবার একেবারেই ফাঁকা।
প্রতিবছর ঈদে গ্রামের বাড়িতে ফিরে গেলেও এবার ঢাকায় ঈদ করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী ইনাম আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাজধানীর বিভিন্ন সড়কের যে চিত্র দেখা গেছে তা খুবই উপভোগ্য। ঈদে ঢাকা ফাঁকা হয়ে যায়-এমন কথা পত্রপত্রিকা, টেলিভিশনে দেখলেও এবার নিজেই উপভোগ করছি।”
রাজধানী ঢাকায় একদিন আগেও যানজট, বৃষ্টির জলাবদ্ধতায় সৃষ্ট জনদুর্ভোগের যে চিত্র ছিল তা রাতারাতি বদলে গেছে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই শহরের দুই প্রান্তে যদি দুই কাজ থাকে, তাহলে কখনই একদিনে করা যায় না। আজ সকালে সায়েদাবাদ গিয়ে বোনকে গাড়িতে তুলে দিয়েছি। আরেক বোনকে টঙ্গী গিয়ে দেখে এসেছি।”
বেলা ১টার দিকে টঙ্গী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফেরা আজাদ বলেন, “দেখেন এখনো দুপুরই হয়নি। আরও কত কাজ করা যাবে।”
এক মাস রোজার পর শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে বাংলাদেশের মানুষ। এই ঈদ সামনে রেখে প্রায় ৬০ লাখ মানুষ ঢাকা ছেড়ে গেছেন বলে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জানিয়েছেন।
