মোল্লাহাটের মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
প্রতারণার মামলায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খুর্শিদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার গাওলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মোল্লাহাট থানার ওসি খাইরুল আনাম জানান।
গ্রেপ্তার খুর্শিদা বেগম ওই এলাকার হাফিজুর রহমানের স্ত্রী। তিনি দোলা মহিলা কল্যাণ সংস্থা নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক।
বৃহস্পতিবার রাতে উপজেলার কোদালীয়া গ্রামের প্রমথ বিশ্বাসের স্ত্রী কমলা বিশ্বাস (৪৫) বাদী হয়ে প্রতারণাপূর্বক টাকা আত্মসাতের অভিযোগে খুর্শিদা বেগম, তার স্বামী হাফিজুর রহমান ও মেয়ে স্বপ্না খাতুনের (১৮) নামে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বরাত দিয়ে মোল্লাহাট থানার ওসি খাইরুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুর্শিদা বেগম মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন গ্রামের লোকজনকে প্রলোভন দেখিয়ে দুই বছর মেয়াদী মাসিক কার্ড ইস্যু করান।
মামলায় বলা হয়, ওই কার্ড দেখালে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের সাধারণ মানুষদের কাছ থেকে জন প্রতি প্রায় আড়াই হাজার টাকা হাতিয়ে নেন খুর্শিদা।
এছাড়া ক্লিনিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জন প্রতি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে আত্মসাত করেন।
ওসি আরও বলেন, এরকম নানা প্রতিশ্রুতি দিয়ে মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী উপজেলার প্রায় ১২ হাজার লোকের কাজ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন
খুর্শিদা।
সবশেষ প্রতারণার শিকার কমলা বাদী হয়ে মামলা করলে শুক্রবার দুপুরে খুর্শিদাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
