ঈদের সকালে হালকা বৃষ্টির আভাস
ঈদযাত্রায় ভোগান্তির অভিযোগ এবার অনেক কম হলেও দেশের বিভিন্ন স্থানে শ্রাবণের বৃষ্টি উৎসবের আনন্দে বাগড়া দিতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা রোকেয়া নিঝুম আরা শুক্রবার বিডিনিজিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রোববারও একই রকম আবহাওয়া বিরাজ করবে। তবে ভারি বর্ষণের শঙ্কা কম।”
শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার বাংলাদেশে উদযাপিত হবে রোজার ঈদ।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে গত কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারি বর্ষণ হচ্ছে।
শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
