২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে রাতভর অপেক্ষা

যাত্রীর চাপে লঞ্চ ধরতে না পেরে ঈদে ঘরমুখো কয়েক হাজার মানুষকে রাতভর অপেক্ষায় থাকতে হয়েছে ঢাকার সদরঘাটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 02:38 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

সাভারের জিরাবোর নিউ এইজ পোশাক কারখানার কর্মী সীমা (২৫) ঈদ করতে যাবেন বরিশালের মূলাদী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার সদরঘাটে এলেও ভিড়ের চাপে পন্টুনে ঢুকতে না পারায় রাতে তার আর লঞ্চ ধরা হয়নি।

সকালে যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও মূলাদীর লঞ্চ না থাকায় তার অপেক্ষার প্রহর আরো বেড়েছে।

বিআইডব্লিউটিএর পরিদর্শকরা জানান, বৃহস্পতিবার সারাদিন ১৩৩টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেলেও শেষ কর্মদিবস হওয়ায় সন্ধ্যায় যাত্রীর চাপ এতো বেশি ছিল যে অনেকেই আর লঞ্চ ধরতে পারেননি।  

শুক্রবার দুপুরে ১২টার সময়ও সীমা, তার ভাই মিজান ও তার স্ত্রী-সন্তানকে সদরঘাটে অপেক্ষা করতে দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “খুব ভোগান্তি গেছে। হাজার হাজার মানুষ ঘাটেই ছিল। মিতালী লঞ্চ আসলে বাড়ি যাব।”

সীমার মতোই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে লঞ্চের অপেক্ষায় মতিঝিলের বাসিন্দা সুফিয়ান ও তার পরিবার।

সুফিয়ান জানান, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি সন্ধ্যায় ঘাটেই ঢুকতে পারেননি। গভীর রাতে যখন পন্টুনে গেলেন ততক্ষণে বরিশালের হিজলার সব লঞ্চ ছেড়ে গেছে।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক (টিআই) সৈয়দ মাহফুজুর রহমান জানান, এমভি মিতালী, মানিক, আওলাদ, সম্রাট, অভিযান ও রাজহংস বিভিন্ন ঘাটে ঘাটে থেমে যাত্রী পরিবহন করে। রাতে এ লঞ্চগুলো ছেড়ে গেছে। দুপুরের মধ্যে ঢাকা সদরঘাটে ফিরে সন্ধ্যায় আবার যাত্রী তুলে রওনা হবে।

Image
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বৃহস্পতিবার ঘরমুখো মানুষের ভিড়। ছবি: মুস্তাফিজ মামুন

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বৃহস্পতিবার ঘরমুখো মানুষের ভিড়। ছবি: মুস্তাফিজ মামুন

Image
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বৃহস্পতিবার ঘরমুখো মানুষের ভিড়। ছবি: মুস্তাফিজ মামুন

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বৃহস্পতিবার ঘরমুখো মানুষের ভিড়। ছবি: মুস্তাফিজ মামুন

রাতভর যাত্রীদের অপেক্ষার বিষয়ে জানতে চাইলে লঞ্চ মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল বিকালে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কথা বলে প্রশাসন অনেক লঞ্চকে ঘাট ছাড়তে বাধ্য করেছে। প্রতিটি লঞ্চে যদি পাঁচশ করে যাত্রী নিতে পারত, তাহলে ত্রিশ/চল্লিশ হাজার যাত্রীকে ঘাটে রাত কাটাতে হত না।”

এ বিষয়ে নৌ-পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার নাম না প্রকাশ করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রী ভরে যাওয়ার পরই লঞ্চগুলো ছাড়া হয়েছে। বুধবার বৃষ্টি হওয়ায় অনেকে যেতে পারেননি। তাই বৃহস্পতিবার ও শুক্রবার সকালে চাপ বেশি ছিল।

শুক্রবারও যাত্রীদের ঘাটে অপেক্ষা করতে হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “যে সংখ্যক লঞ্চ আছে এবং আসছে, তাতে রাতে হয়তো সব নৌযান ভরবে না।”

বিআইডব্লিউটিএর পরিদর্শক সৈয়দ মাহফুজুর রহমান জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪৫টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে।