২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের প্রতি সমর্থন অটুট থাকবে: শেখ হাসিনা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 06:16 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ঢাকায় ফিলিস্তিনের বিদায়ী রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ এইচ আবুইয়াদেহ সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এই প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেয়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। এসময় ফিলিস্তিনের জনগনের স্বাধীনতার জন্য বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনের কথাও উল্লেখ করেন।”

গত বছর গাজায় ইসরায়েলি অভিযানে দেড় হাজার ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হলে মানবাধিকার সংগঠনগুলোর নিরবতার সমালোচনা করেছিলেন শেখ হাসিনা।

ওই হামলার বিরুদ্ধে নিজের সোচ্চার হওয়ার ভূমিকার কথাও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় তুলে ধরেন তিনি।

“বাংলাদেশ যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দা করে,” বলেন প্রধানমন্ত্রী।

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শায়ের মোহাম্মদ।

তিনি বলেন, “বাংলাদেশের জাতির জনক যখন পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন তখন মুক্তি সংগ্রামের প্রতীক হিসেবে ফিলিস্তিনের বহু শিশুর নাম মুজিবুর রাখা হয়েছিল।”

বৈঠকে মুখ্য সচিব আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন।