২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফের কক্ষেই ‘অন্য চেয়ারে’ তারানা

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর চাকরি যাওয়ার নয় মাস পর সেই দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে কাজে যোগ দিয়েছেন তারানা হালিম; বলেছেন, তদবিরকারীদের জন্য তার দরজা থাকবে বন্ধ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 04:49 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

মন্ত্রিসভার নতুন চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে গত মঙ্গলবার শপথ নিলেও বৃহস্পতিবারই প্রথম সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে আসেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এই সাংসদ।

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর কক্ষে বসার ব্যবস্থা হওয়ায় প্রথমে আপত্তি তোলেন নতুন প্রতিমন্ত্রী। তবে শেষ পর্যন্ত ওই কক্ষে মন্ত্রীর আগের চেয়ার সরিয়ে অন্য আসনে বসেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

বিষয়টি নিয়ে তাকে ‘ভুল বোঝার কোনো অবকাশ নেই’ মন্তব্য করে তারানা বলেন, “আপনারা (সাংবাদিক) কোনো মতেই আমাকে ভুল বুঝবেন না। আমি যে চেয়ারে বসেছি তা মন্ত্রীর চেয়ার নয়। মন্ত্রীর যে চেয়ারটা ছিল সেটি পাশে রেখে দিয়েছি।

“আমি কিছুতেই মন্ত্রীর চেয়ারে বসতে পারি না। অফিসটা আপাতত ব্যবহার করছি। আমার জন্য অন্যত্র অফিসের ব্যবস্থা করতে বলেছি। এটা পূর্ণ মন্ত্রীরই জায়গা।”

এরপর হাসতে হাসতে তিনি বলেন, “আমার জায়গা এটা হওয়া উচিৎ না। আমি নিয়মটা একটু মেনে চলতে চাই, প্রতিমন্ত্রীর বসার জায়গাটা অন্যরকম হওয়া উচিত। প্রতিমন্ত্রীর চেয়ারটা আরেকটু ছোট হওয়া উচিৎ।”

পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “ব্যক্তিগত (বেসরকারি) যেসব টেলিকম কোম্পানি আছে, তাদের প্রবেশ নিষেধ (মন্ত্রণালয়ে) এভাবে বলব না, কারণ তাদের হয় তো কোনো বৈধ কাজ থাকতে পারে।

“বৈধ কাজে সকলের জন্য ‍এই মন্ত্রণালয় উন্মুক্ত থাকবে। অবৈধ কাজের জন্য এই মন্ত্রণালয়ের দরজা বন্ধ থাকবে।”

সৎভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করে তারানা বলেন, “এই মন্ত্রণালয়ে দুর্নীতি যেন কোনোভাবেই প্রবেশ করতে না পারে। দুর্নীতি এখানে একেবারেই হবে না। হচ্ছে না বলেও আমি খবর পেয়েছি।

নতুন প্রতিমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে ৯০ দিনের একটি কর্মপরিকল্পনা করে তা বাস্তাবায়ন করবেন বলে জানান।

“রাজস্ব দেশে রাখার জন্য মন্ত্রণালয়ের অধীন যেসব বিভাগকে শক্তিশালী করা প্রয়োজন সেগুলোকে শক্তিশালী করব। এই রাজস্ব দিয়ে যেন দেশের উন্নয়ন হয়।”

রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটককে শক্তিশালী করার পাশাপাশি ‘সব বাধা অতিক্রম করে’ টেলিকম খাতের বকেয়া আদায়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।