২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় মাইক্রোর ধাক্কায় অটো খালে, ৩ লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় একটি অটোরিকশা রাস্তা থেকে ছিটকে খালে পড়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 04:45 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নূরপুর ও নারায়ণপুরের মাঝামাঝি ঢাকা-আগরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, কালন্দি খালের ২০ ফুট গভীরে পানির মধ্যে অটোরিকশাটি তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ক্রেইন দিয়ে বাহনটি তোলেন।

“এখন পর্যন্ত খাল থেকে তিন জনের লাশ উদ্ধার হয়েছে। চালকসহ আরও তিন আরোহীর সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

নিহতরা হলেন- জানু ভূইয়া (৪৫), তার স্ত্রী ইয়াসমিন (৩৫) এবং তাদের মেয়ে সামিরা আক্তার (১৪)। আখাউড়ার তুলাইশিমুল গ্রামে নিজেদের বাড়ি থেকে তারা ওই অটোরিকশায় করে আখাউড়া চেকপোস্টের কাছে কে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

Image
বৃহস্পতিবার সকালে আখাউড়ায় মাইক্রোবাসের ধাক্কায় একটি অটোরিকশা কালন্দি খালে পড়ে যায়

বৃহস্পতিবার সকালে আখাউড়ায় মাইক্রোবাসের ধাক্কায় একটি অটোরিকশা কালন্দি খালে পড়ে যায়

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অটোরিকশা ও মাইক্রোবাসটি একই দিতে যাচ্ছিল। এক পর্যায়ে দ্রুতগামী মাইক্রোবাসটি পেছন থেকে ওই অটোরিকশাকে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়।”

খবর পেয়ে পুলিশ ও ডুরুরিরা এসে তিনজনের লাশ উদ্ধার করে। লাশগুলো উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মফিজ উদ্দিন জানান।

নূরপুর এলাকার কালন্দি খালটি আখাউড়া চেকপোস্ট থেকে কেল্লাশাহর মাজার পর্যন্ত প্রবাহিত হয়ে তিতাস নদীতে পড়েছে।

দুর্ঘটনার জন্য দায়ী মাইক্রোবাসের চালককে পুলিশ আটক করেছে বলে জানান ওসি।