দুর্ঘটনার পর মহাসড়কে যানজট, ওসি প্রত্যাহার
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজটে ঈদে ঘরমুখো যাত্রীরা দুর্ভোগে পড়ায় বরিশালের গৌরনদী থানার ওসি সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে বরিশাল রেঞ্চের ডিআইজি হুমায়ুন কবিরের নির্দেশে তাকে প্রত্যাহার করে বরিশাল পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের যাতে দুর্ভোগে পড়তে না হয় সে জন্য মহাসড়ক যানজটমুক্ত রাখতে পুলিশকে আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল।
“বৃহস্পতিবার সকালে গৌরনদীর টরকি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বিআরটিসির একটি বাস দুর্ঘটনার শিকার হওয়ার পর বাসটি তাৎক্ষণিকভাবে সরিয়ে না নেওয়ায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়ে ঘরমুখো যাত্রীরা।”
পুলিশ কর্মকর্তা আক্তারুজ্জামান আরও বলেন, “ডিআইজি ঘটনাস্থলে গিয়ে কোনো পুলিশ দেখতে পাননি। তাই দায়িত্বে অবহেলার অভিযোগে গৌরনদীর ওসিকে প্রত্যাহার করা হয়েছে।”
