ফোরকানের আপিলের সামর্থ্য নেই: আইনজীবী
মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত পটুয়াখালীর ফোরকান মল্লিকের ‘আপিলের সামর্থ্য নেই’ বলে জানিয়েছেন তার আইনজীবী।
একাত্তরের মুসলীম লীগ কর্মী ফোরকানের বিরুদ্ধে আনা পাঁচ অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রায়ের পর আসামিপক্ষের আইনজীবী আবদুস সালাম খান দাবি করেন, পরিবারিক বিরোধের জেরে ফোরকানের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছিল।
“যাদের ভিক্টিম দেখানো হয়েছে, তাদের দুজনও আসামিকে নির্দোষ বলে সাক্ষ্য দিয়েছে। এরপরও ট্রাইব্যুনালের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে।”
রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “উনি দিনমজুর। আপিল করার মতো এবিলিটি তার নেই। আমি নিজেও ট্রাইব্যুনালে মামলা লড়েছি বিনা টাকায়। তারপরও আমরা ইনসিস্ট করেছি আপিল করার জন্য।”
ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার ছইলাবুনিয়া গ্রামের সাদের মল্লিক ও সোনভান বিবির ছেলে ফোরকান মল্লিক (৬৪) পড়ালেখা করেছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। মূলত কৃষিজীবী হলেও ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের সামরিক শাসনামলে স্বাধীনতাবিরোধীরা আবার রাজনীতিতে পুনর্বাসিত হতে শুরু করলে ১৯৭৭ সালে ফোরকানও স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।
