২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি মাথায় ঈদযাত্রা

টানা বৃষ্টি উপেক্ষা করেই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীর বাসিন্দারা। 

ফয়সাল আতিক

কামাল তালুকদার ও আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 06:03 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

শুক্রবার ঈদের ছুটি শুরুর আগে কেবল বৃহস্পতিবার অফিস খোলা। এ কারণে একদিন বাড়তি ছুটি নিয়ে অনেকেই বুধবার শবে কদরের ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ির পথে রওনা হয়েছেন।

কিন্তু বৃষ্টির কারণে সকালে বাসা থেকে বাস বা লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনে পৌঁছাতে ভুগতে হয়েছে তাদের।

কল্যাণপুর ও গাবতলীতে দেশের উত্তর ও দক্ষিণমুখী বিভিন্ন বাসের টিকেটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ কয়েকজন যাত্রী করলেও বাড়ি ফেরার টিকেট পেয়েই সবাই খুশি।

রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত সূচি মেনেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে। তবে লঞ্চ মালিকরা বলেছেন যাত্রীর অভাবের কথা।

দক্ষিণ ও উত্তর জনপদের যে যাত্রীরা বাসের আগাম টিকেট কিনেছিলেন, সকাল থেকেই তারা বৃষ্টি মাথায় নিয়ে শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন পরিবহনের কাউন্টারে হাজির হতে থাকেন।

তবে বৃষ্টির কারণে অতিরিক্ত ভিড় দেখা যায়নি বলে কল্যাণপুরের গোল্ডেন লাইনের কাউন্টারের ব্যবস্থাপক খান ফরিদ জানান।

শ্যামলী কাউন্টারের সামনে চাপাইনবাবগঞ্জের যাত্রী শফিকুল ইসলাম ও আব্দুস সালাম অভিযোগ করেন, টিকিটের গায়ে ৫৬০ টাকা দাম লেখা হলেও তাদের কাছ থেকে নেওয়া হয়েছে ৭০০ টাকা করে।

তবে অভিযোগ অস্বীকার করে কাউন্টার ম্যানেজার সুমন বলেন, তারা সরকারের বেঁধে দেওয়া হারেই টাকা নিচ্ছেন।

সূচি বিপর্যয় যাতে না হয় সেজন্য টিকিট বিক্রির হার কমিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

হানিফ পরিবহনের ব্যবস্থাপক কাজী আখতারুজ্জামান জানান, ঈদে রাজশাহী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জসহ আরও কয়েকটি জেলায় প্রতিদিন তাদের ৪০টি করে বাস যাচ্ছে।

অধিকাংশ টিকিট আগাম বিক্রি হয়ে যাওয়ায় কাউন্টারে যাত্রীদের ভিড় কম বলে জানান তিনি।

দেশ ট্রাভেলসের কর্মী সোহাগ জানান, দুপুর পর্যন্ত মহাসড়কের কোথা যানজটের খবর পাননি তারা।

“সুন্দরভাবে নির্বিঘ্নে ঈদে মানুষ বাড়ি ফিরতে পারছে।”

উত্তরবঙ্গে যাত্রীদের চাপ কিছুটা বেশি মনে হলেও মাগুরা, ঝিনাইদহ, খুলনা, যশোর, গোপালগঞ্জ, পিরোজপুরসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার যাত্রীদের ভিড় এখনো ততোটা বাড়েনি। গাবতলী এলাকায় কয়েকটি পরিবহনের কর্মীদের দেখা গেছে যাত্রীদের ডাকাডাকি করতে।

গতবছর ঈদযাত্রায় ট্রেনের ‘শিডিউল বিপর্যয়ের’ কারণে যাত্রীদের ব্যাপক ভোগান্তি হলেও বুধবার সকাল থেকে সব ‘ঠিকঠাক’ চলছে বলেই জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,“সকাল থেকে সবগুলো ট্রেন সময়মত ছেড়ে গেছে। শুধু চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এক ঘণ্টা চল্লিশ মিনিট লেট হয়েছে।”

ঈদ উপলক্ষে বুধবার থেকে বিশেষ ট্রেন চালাচল শুরু হয়েছে বলে জানান তিনি।

ঈদে মোট চারটি বিশেষ ট্রেন চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ১৫ থেকে ১৭ জুলাই এবং ২০ থেকে ২৬ জুলাই দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল, পার্বতীপুর স্পেশাল ও খুলনা স্পেশাল চলবে।

বৃষ্টি উপেক্ষা করে সকালে কিছু যাত্রী ঢাকার সদরঘাটে হাজির হলেও ‘যাত্রীর অভাবে’ লঞ্চ ছাড়াতে বিলম্ব হয়েছে।

টিপু লঞ্চ কোম্পানির মহাব্যবস্থাপক ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমভি ফারহান হাতিয়ার ছেড়ে গেছে সকালে কিন্তু যাত্রী পাওয়া যায়নি। আরও তিনটি লঞ্চ পন্টুনে রয়েছে। কিন্তু বৃষ্টির কারণে যাত্রী পাচ্ছি না।”

সুন্দরবন লঞ্চের মহাব্যবস্থাপক আবুল কালামও যাত্রী কথা থাকার কথা বলেছেন।

এমভি ঈগলের কর্মচারী সবুজ বলেন, “২৭ রমজানে যে রকম যাত্রী পাওয়া কথা, এবার তার অর্ধেকও নেই “

বৃষ্টি কমলে সন্ধ্যায় যাত্রী বাড়তে পারে বলে আশা সবুজের।

বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহনেওয়াজ মো. খালেদ জানান, মঙ্গলবার থেকে তাদের বিশেষ সেবা চালু হয়েছে।

মঙ্গলবার বরিশাল ও মোড়লগঞ্জের উদ্দেশ্যে তিনটি স্টিমার ছেড়েছে। বুধবার এমভি মধুমতি ও অষ্ট্রিচ স্টিমার ছাড়ার কথা।