ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে প্রাণ গেল ৫ জনের
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার বিকালে মহাসড়কের বিজয়নগরের বুধুন্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার ওসি মো. আব্দুর রব জানিয়েছেন।
এ ঘটনায় হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ওসি আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধুন্তিতে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হয়।
এ ঘটনায় আহত এক অজ্ঞাত পরিচয় এক নারী সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুর হাসপাতালে মারা যান।
দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আমতলী বীরপাশা এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২৫ জন আহত হয়েছে।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান বিজয়নগর থানার ওই পুলিশ কর্মকর্তা।
