২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকের কোটি টাকা আত্মসাতের ঘটনায় গ্রেপ্তার ৩

সোনালী ব্যাংকের রাজশাহীর তানোর শাখা থেকে এক কোটি ১৯ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 03:23 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

বুধবার ভোরে মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল মাহবুব আলম।

দুপুরে র‌্যাব- ৫-এর সদর দপ্তরে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগরীর বোয়ালিয়ার থানার দড়িখরবনা এলাকার মৃত কফিলুদ্দিনের ছেলে এসএম মাসুদ হাসান মাসুদ (৩৫), রাজপাড়া থানার বহরমপুর ব্যাংক কলোনী এলাকার গোলাম মোস্তফার ছেলে নাজির হোসেন (৩২) ও তার স্ত্রী ছালমা জাহান লিমা (২৮)। মাসুদকে এই চক্রের হোতা বলা হচ্ছে।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল মাহবুব আলম জানান, সোনালী ব্যাংক তানোর শাখায় কর্মরত আইটি কর্মকর্তা নাজির হোসেন পাসওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন সময় তার স্ত্রী ছালমা জাহান লীমার ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৩ লাখ ৮৭ হাজার ২৮৮ টাকা এবং তার বাবার ব্যাংক হিসাবের মধ্যমে ১৩ লাখ ৩২ হাজার ও ২৩ লাখ টাকাসহ মোট এক কোটি উনিশ লাখ ২৮৮ টাকা উত্তোলন করে আত্মসাত করে।

এর সঙ্গে ব্যাংকের আরও কর্মকর্তা জড়িত রয়েছে বলে নাজিম স্বীকার করেছে।

গত ২৪ জুন সোনালী ব্যাংক তানোর শাখার টাকা আত্মসাতের ঘটনায় একটি মামলা হয় বলে জানান রাজশাহী র‌্যাবের অধিনায়ক।