ফেনীতে কাভার্ডভ্যান চাপায় আহত এসআই মারা গেছেন
ফেনীতে দ্রুতগামী কাভার্ডভ্যান চাপায় কর্তব্যরত পুলিশের এসআই আবুল কালাম আজাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় এসআই আবুল কালাম আজাদ মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন।
ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আমিরুল আলম জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রামপুর নজির আহম্মেদ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, “দায়িত্ব পালনের সময় আজাদ সড়কে উল্টো পথ দিয়ে আসা দ্রুতগামী একটি কভার্ডভ্যানকে থামার সংকেত দিলে চালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।”
সহকর্মীরা আজাদকে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিলে সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা জানান, আহত পুলিশ সদস্য ডান পা ও উরুতে গুরুতর আঘাত পেয়েছিলেন।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান।
পুলিশ ওই কাভার্ডভ্যান ও চালককে খুঁজছে বলে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আমিরুল আলম জানান।
