২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জার্মানিতে গিয়ে ব্লগারকে হত্যার পরিকল্পনায় আনসারুল্লাহ’

প্রবাসে থাকা বাংলাদেশি এক ব্লগারকে হত্যার উদ্দেশ্যে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের জার্মানিতে যাওয়ার পরিকল্পনার তথ্য পেয়েছে সে দেশের পুলিশ।    

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 11:27 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

ব্লগার ওমর ফারুক লুক্স মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, জার্মান পুলিশ সম্প্রতি তাকে এ বিষয়ে সতর্ক করেছে।

তিনি জার্মানি থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনসারুল্লাহ দলের সদস্যরা বাংলাদেশ থেকে ব্রিটেনের মৌলবাদীদের সহায়তায় জার্মানি আসার চেষ্টা করছে। জার্মান ক্রিমিনাল পুলিশ আমাকে এই তথ্য দিয়েছে।”

“জার্মান পুলিশ বলেছে, আনসারুল্লাহর সদস্যরা আমার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে। আমাকে বাসা বদলের পরামর্শও দিয়েছে তারা,” বলেন জার্মান প্রবাসী এই ভাস্কর্যশিল্পী।

জার্মান পুলিশ বর্তমানে সে দেশের নাগরিক ওমর ফারুককে সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ওমর ফারুক লুক্সের ফেইসবুকে অনুসারীর (ফলোয়ার) সংখ্যা ১১ হাজার।

ব্লগ, ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য বিভিন্ন সময় হত্যার হুমকি পেয়ে আসছিলেন ওমর ফারুক।

বুয়েটের শফিকুল ইসলাম নামের এক শিক্ষার্থীও কয়েক মাস আগে লুক্সকে জার্মানি গিয়ে হত্যা করবেন বলে ফেইসবুকে হুমকি দেন।

বাংলাদেশে এই বছর লেখক অভিজিৎ রায়সহ যে কজন অনলাইন অ্যাক্টিভিস্ট ‍খুন হয়েছেন, তার পেছনে আনসারুল্লাহ জড়িত বলে মনে করা হয়।

Image
ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার দায়িত্ব স্বীকার করে আনসারুল্লাহর নামে টুইট

ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার দায়িত্ব স্বীকার করে আনসারুল্লাহর নামে টুইট

হত্যাকাণ্ডের পর সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন টুইটার পাতা থেকে দায়িত্ব স্বীকার করে বিবৃতিও এসেছে। আনসারুল্লাহর সঙ্গে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএসের যোগাযোগ রয়েছে বলে বাংলাদেশের গোয়েন্দাদের ধারণা।

অভিজিৎ যে ব্লগ সাইটটি পরিচালনা করতেন, সেই মুক্তমনায় ওমর ফারুক লুক্সও লেখালেখি করেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ হুমকি মাথায় নিয়েই দেশে ফেরার পর গত ফেব্রুয়ারিতে তাকে হত্যা করা হয়।

গত ১২ মে সিলেটে খুন হন ‘মুক্তমনা’র আরেক ব্লগার অনন্ত বিজয় দাশ।