২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যায় জেলায় জেলায় প্রতিবাদ

সিলেটে পিটিয়ে শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ ও মানববন্ধন হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 07:11 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

মঙ্গলবার সকাল থেকে বিকালের মধ্যে ফরিদপুর, ঝিনাইদহ, ময়মনসিংহ, কুড়িগ্রাম ও নেত্রকোণায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসব প্রতিবাদ ও মানববন্ধনে অংশ নেন।

গত বুধবার সকালে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকাসহ সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি জানান, বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কে ফরিদপুর প্রেসক্লাব রাজন হত্যার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলার কর্মরত বিভিন্ন সাংবাদিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বেসরকারি সংগঠন ব্লাস্ট, রাসিন, শাপলা মহিলা সংস্থা, বিএফএফ, মহিলা পরিষদ, আভা, ফুলকিসহ বিভিন্ন সামজিক সংগঠনের নেতারা অংশ নেয়।

মানববন্ধনে জেলার বিশিষ্ট ব্যক্তিরা রাজন হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

ঝিনাইদহ প্রতিনিধির পাঠানো খবর

বেলা ১১ টার দিকে শহরের পায়রা চত্বরে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সিলেটের কুমারগাঁওয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যার ঘটনা ছাড়াও ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তানগর গ্রামে মুনিরা নামে পাঁচ বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি জানানো হয়।

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ, জেলা নাট্য পরিষদের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটনসহ  বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে  অংশ নেন।

Image
শিশু রাজন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার ময়মনসিংহে প্রতিবাদ ও মানববন্ধন

শিশু রাজন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার ময়মনসিংহে প্রতিবাদ ও মানববন্ধন

ময়মনসিংহ

মঙ্গলবার দুপুরে শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে রাজন হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ‘ময়মনসিংহবাসী’র উদ্যোগে মানববন্ধন করা হয়।

এতে জেলার রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও নারীনেত্রীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে জেলা মহিলা পরিষদ সভানেত্রী ফেরদৌস আরা মাহমুদা, মানবাধিকার কর্মী প্রবীল সাহা, নিয়ামুল কবীর সজল, শংকর সাহা, কবি ফরিদ আহমেদ, কাজি আজাদ জাহানসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা রাজনের ওপর নির্যাতনকারীদৈর নির্যাতনের ঘটনাকে অমানুবিক আখ্যায়িত করে এতে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

কুড়িগ্রামে স্মারকলিপি

শিশু রাজনকে জনসম্মুখে পিটিয়ে হত্যার ঘটনায় কুড়িগ্রাম জেলায় শিশু ভিত্তিক সংগঠন এনসিটিএফ (ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স) স্বরাস্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছে।

মঙ্গলবার সকালে সংগঠনের পক্ষে কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের মাধ্যমে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে রাজন হত্যাকাণ্ডে জড়িত সব সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক তাহমিনা কায়সার হিমা, যুগ্ম সম্পাদক কবির হাসান, সাংগঠনিক ফাহিমুল হাসান, শিশু সাংবাদিক নুসরাত জান্নাত মীম, উপদেষ্টা আলিফ সিদ্দিক কাব্য, মেহেদী হাসান পিয়াস, জান্নাতুল ফেরদৌস জুই, নিলয় বকসী, ফারজানা ইয়াসমীন মৌসুমী, হুমায়ুন কবির সূর্য্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Image
শিশু রাজন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

শিশু রাজন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণা

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নেত্রকোণা পৌরভবনের সামনের সড়কে নেত্রকোণা পৌরবাসীর ব্যানারে  এ মানববন্ধন হয়।

মানবন্ধনে জেলা উদীচী সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, মাসুদ খান জনিসহ অন্যরা বক্তব্য রাখেন।

এখানেও বক্তারা রাজন হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।