শিশু রাজন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
সিলেটের কুমারগাঁওয়ে ‘চোর’ সন্দেহে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় সব আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে কুমারগাঁও তেমুখী এলাকায় ‘রাজন হত্যা সংগ্রাম পরিষদ’র ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মামলার অন্যতম আসামি মুহিত ও কামরুল আটক হয়েছে। কিন্তু এখনো এজাহারভুক্ত দুই আসামিকে আটক করতে পারেনি পুলিশ। সব আসামিদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
ঘটনার দিন মামলা করতে গেলে রাজনের বাবার সাথে দুর্ব্যাবহারকারী এসআই আমিনুলকে প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুর রহমান ও অন্যরা।
