সিরাজগঞ্জে বাসের ধাক্কায় ৫ অটোআরোহী নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাসের ধাক্কায় এক অটোরিকশার চালকসহ পাঁচ আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ৯টায় দিকে পাবনা-নগরবাড়ী সড়কের বোয়ালিয়া কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান।
নিহতরা হলেন- অটো চালক বকুল হোসেন (২২), সলঙ্গা থানার রানীনগর এলাকার আমজাদ হোসেন (৪৬), একই থানার তেলকুপি গ্রামের জাহাঙ্গীর মাস্টার (২৫), দত্তকোশা গ্রামের আশরাফুল ইসলাম (২৬) ও একই গ্রামের মাহমুদুল হাসান (৪০)।
মাহমুদুলের স্ত্রী তানিয়া খাতুনও দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে হাটিকুমরুল গোলচত্বর এলাকার শাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সদস্য আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নবীণ বরণ পরিবহনের একটি বাস শাহজাদপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। একই দিক দিয়ে হাটিকুমরুলের দিকে যাচ্ছিল অটোরিকশাটি।
“পথে অটোরিকশাটি দ্রুতগামী ওই বাসকে ‘ওভারটেক’ করতে গিয়ে বাসের সামনে চাপা পড়ে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। চালকসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।”
উল্লাপাড়ার ইউএনও মো. শামিম আলম দুর্ঘটনার খবর পেয়ে সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে অর্থিক সহায়তা দেন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন তানিয়াকে দেখতে যান।
