২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

নাটোরের সিংড়ায় মুক্তিযোদ্ধা ননীগোপাল কুণ্ডু ও তার স্ত্রী চিত্রা রাণী কুন্ডুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচ জনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 11:49 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

সোমবার নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান মুন্নি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের এই আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা ৭ দিনের হেফাজত চাইলেও চার দিন কম পেয়েছেন।

রোববার ময়নাতদন্ত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের উপস্থিতিতে পার-সাঔল শাহপাড়া শ্মশানে মুক্তিযোদ্ধা ননীগোপাল কুণ্ডুর মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়। সেখানে তার স্ত্রীর লাশও দাহ করা হয়।

শনিবার রাতে নিজের ঘরে এই দম্পতি খুন হওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে বলে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “তদন্তের এক পর্যায়ে গতকাল (রোববার) রাতে উপজেলার সাঔল গ্রামের বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।”

আটকরা হলেন- উপজেলার সাঔল গ্রামের মৃত গোলাপ সরকারের ছেলে মমতাজ আলী, আব্দুস সালামের ছেলে আব্দুল খালেক, লাল চাঁদের ছেলে শামসুল হক, মনির উদ্দিনের ছেলে মকবুল হোসেন ও সিরাজুল হকের ছেলে এমদাদুল হক কালু।

এর আগে রোববার বিকালে হত্যার ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা ননীগোপাল কুণ্ডুর শ্যালক গোবিন্দ চন্দ্র কুণ্ডু বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা করেন।

এই হত্যাকাণ্ড তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত সহায়তা কমিটি গঠন করা হয়।