২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরল কোকেন: গ্রেপ্তার মেহেদীও রিমান্ডে

বলিভিয়া থেকে তেলের সঙ্গে মিশিয়ে কোকেন আনার ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার মেহেদী আলমকেও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 07:56 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের এই আদেশ দেন।

বন্দর নগরীর আগ্রাবাদ এলাকা থেকে রোববার মেহেদী আলম (৩০) নামে এই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি এই ঘটনায় গ্রেপ্তার পঞ্চম ব্যক্তি।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেহেদীকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা পাঁচ দিন হেফাজতের আবেদনই করেছিলেন।

এদিকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে গার্মেন্টস পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান খান ও মোস্তফা কামালকে সোমবার আদালতে হাজির করা হয়।

তাদের জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান পুলিশ কর্মকর্তা ইবনু মিনান।

গত ৮ জুন বন্দরে আসা একটি কনটেইনারের ১০৭টি ড্রাম সূর্যমুখী তেলের মধ্যে একটিতে তেলের সঙ্গে মেশানো কোকেন পাওয়া যায়। ওই ড্রামটির তরলের এক-তৃতীয়াংশ কোকেন বলে গোয়েন্দাদের ধারণা।