২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার পেশকার কারাগারে

জামিন জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পেশকার মোসলেহ উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 07:22 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

সোমবার ঢাকার কোতোয়ালি থানা পুলিশ মোসলেহ উদ্দিনকে ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করলে হাকিম মোল্লা সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠিয়ে দেন।

আদালতের ওই কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করায় থানা থেকে কোনো তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।

মোহলেহ উদ্দিনের দুর্নীতি তদন্তে দুদক কর্মকর্তা নিয়োগ করবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মোসলেহ উদ্দিন গ্রেপ্তার হওয়ার পর মহানগর দায়রা জজ আদালতের বেশ কয়েকজন কর্মচারীকে সোমবার কর্মস্থলে অনুপস্থিত দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জালিয়াত চক্রের সঙ্গে জড়িতরা আত্মগোপনে চলে গেছে। কে, কীভাবে ফেঁসে যান, এই আতঙ্কে আছেন অনেকেই।”

রোববার রাতে পেশকার মোসলেহ উদ্দিনকে পুলিশে ধরিয়ে দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির ওবায়দুর রহমান।

মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে ভুয়া কাগজ তৈরি করে আসামিদের জামিন করিয়ে নেওয়ার অভিযোগ এনে ওবায়দুর রহমান বাদী হয়ে থানায় মামলাও করেছেন।