২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ তহবিলের দায় পুলিশ বাহিনীর নয়: এআইজি

বরিশালে পদোন্নতির জন্য ৭৭ লাখ টাকা ‘ঘুষের তহবিল’ সংগ্রহের দায় পুরো পুলিশ বাহিনীর নয়। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের-ই এ দায় বহন করতে হবে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 05:06 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

সোমবার দুপুরে বরিশাল কোতয়ালী মডেল থানায় অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান।

পুলিশকে দুর্নীতিমুক্ত করতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ঘুষ তহবিলের সাথে জড়িতদের ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রয়োজনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলাও করা হবে।

এক বছর আগে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরও পদোন্নতি হচ্ছিল না এমন ২৩০ পুলিশ সদস্যের কাছ থেকে টাকা তুলে ৭৭ লাখ টাকার একটি ‘তহবিল’ গঠন করা হয়েছিল বরিশালে। সম্প্রতি এ ঘটনা ধরা পড়ে।

এআইজি দাবি করেন, পুলিশের ঘুষ তহবিলের বিষয়টি পুলিশ-ই উদঘাটন করেছে। এটা আগে কোন মিডিয়ার মাধ্যমে প্রকাশ পায়নি।

মোখলেসুর রহমান হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এ ঘটনার গভীরভাবে তদন্ত চলছে। যদি তারা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে পরিকল্পিতভাবে এ কাজ করে থাকে, তা হলে তাদের বিরুদ্ধে আলাদাভাবে ব্যবস্থা নেয়া হবে।

পুরনো খবর:

পদোন্নতির জন্য ঘুষের তহবিল, ১০ পুলিশ বরখাস্ত
ঘুষের তহবিল: ৫০ লাখ টাকা ফেরত দিলেন পুলিশ কর্তা জিল্লুর