‘ছিনতাই হওয়া’ প্রাইভেটকারসহ আটক ২
ছিনতাই হওয়া একটি প্রাইভেটকারসহ রাজধানীর উত্তরা থেকে দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আটকরা হলেন- আলম ভাণ্ডারি ও তৌহিদুল ইসলাম রন্টি।
রোববার রাতে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুব রশীদ জানান।
তিনি বলেন, “দুই ছিনতাইকারীর কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।”
গত ২৪ জুন রাজধানীর তেঁজগাও বিজয়সরণী ফ্লাইওভারের সামনে বালির ট্রাক দিয়ে পথ আটকে একটি প্রাইভেটকার ছিনতাই হয়। যাওয়ার আগে এক আরোহীর পায়ে গুলি করে ছিনতাইকারীরা।
ওই ঘটনায় তেঁজগাও শিল্পাঞ্চল থানায় মামলা হয়। ওই মামলায় গোয়েন্দা পুলিশ ফারুক, টিটু, সুমন ও ফারুক নামে চারজনকে গ্রেপ্তার করে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।
