২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ স্বেচ্ছাসেবক লীগ নেতার কাটা মাথা মিলল চরে

নিখোঁজ হওয়ার তিনদিন পর ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলার এক স্বেচ্ছাসেবক লীগ নেতার কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 11:44 AM

Updated : 22 Aug 2022, 12:47 PM

নিহত মাসুদ শিকদার (৩৫) ওই উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংঠনিক সম্পাদক ছিলেন। তিনি পশ্চিম ছিটকী গ্রামের হারুন-অর রশীদ শিকদারের ছেলে।

রোববার রাত ১টার দিকে বিশখালী নদীর রঘুয়ার চরে মাসুদের কাটা মাথা পাওয়া যায় বলে কাঁঠালিয়া থানার ওসি জাহিদ হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর মাসুদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার বিকালে তার ছোট ভাই মামুন একটি সাধারণ ডায়েরি করেছিলেন।”

এরপর রোববার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চর থেকে মাসুদের মাথা উদ্ধার করা হয় বলে জানান ওসি।

নিহতের দেহের বাকি অংশের খোঁজে নদী ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচজনকে আটক করেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।