ওয়াসার পানি সরবরাহ নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতা ও দালাল: টিআইবি
পানি খাতে সুশাসন নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অঙ্গীকার থাকলেও দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতায় ঘাটতি রয়েছে বলে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি, বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।
রোববার নিজস্ব কার্যালয়ে ‘বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় শুদ্ধাচার’ শীর্ষক গবেষণা প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “গবেষণায় ঢাকা ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ম লংঘন, আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়া, দুর্নীতির শাস্তি না হওয়া এবং জবাবদিহিতা নিশ্চিত না হওয়ার তথ্য উদঘাটিত হয়েছে।
“ঢাকা ওয়াসায় কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে রাজনৈতিক নেতা ও দালালরা পানি সরবরাহ নিয়ন্ত্রণ করে।”
পানি ব্যবস্থাপনাকে কার্যকর করতে জাতীয় পানি সম্পদ কাউন্সিলকে সক্রিয় করাসহ প্রতিবেদনে নয় দফা সুপারিশ করা হয়েছে।
টিআইবির উদ্যোগে বাংলাদেশ ওয়াটার ইন্টেগ্রিটি নেটওয়ার্ক (বাউইন) ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত পানি খাতের ১৭টি সংস্থার ওপর গবেষণা চালায়।
অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান বলেন, “সবার জন্য সেবা ও পানি অধিকার নিশ্চিতে প্রায় সব প্রতিষ্ঠানই অঙ্গীকারবদ্ধ। তবে দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে তাদের অঙ্গীকার বাস্তবায়নে ঘাটতি রয়েছে।
নিয়ম-বহির্ভূতভাবে কার্যাদেশ পরিবর্তন ও অতিরিক্ত কাজের অনুমোদন, নিয়ম-বহির্ভূতভাবে বিজ্ঞাপন না দিয়ে নিয়োগ প্রদান, কর্মকর্তাদের একাংশের ওয়াসার ভূমি দখল ও ভুয়া বিলের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ থাকার পরও ইউনেস্কোর পুরস্কারসহ নানা বিষয়ে ঢাকা ওয়াসার অর্জন কম নয় বলেও মন্তব্য করেন তিনি।
সেইসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, গ্রাহকের চাহিদা অনুযায়ী সব এলাকায় ঢাকা ওয়াসা তাদের সেবা দিতে পারে না। এক্ষেত্রে সেবা প্রদানে আয় অনুযায়ী এলাকা ভিত্তিক বৈষম্য বিরাজ করছে। ঢাকা ওয়াসা সম্পর্কে গ্রাহকের সন্তুষ্টির মানও সন্তোষজনক নয়। যথাযথ সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
দেশের বিদ্যমান পানি বিষয়ক নীতি, আইন ও বিধি সংশ্লিষ্ট ২৯টি সরকারি নথিপত্র বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, দুর্বল আইন এবং তার সঠিক বাস্তবায়নের নির্দেশিকার অভাবে পানি ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামো হালনাগাদ ও আধুনিকায়ন না হওয়ায় নাগরিক সেবা প্রদানে বাধার সৃষ্টি হচ্ছে।
গবেষণায় উত্থাপিত নয় দফা সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হলো- জাতীয় পানি আইন, ২০১৩ এর আলোকে জাতীয় পানিসম্পদ কাউন্সিলকে পর্যবেক্ষক হিসেবে কার্যকর করা; সংশ্লিষ্ট নীতিমালা, আইন, কৌশলপত্র, নির্দেশিকা ইত্যাদি হালনাগাদ করা এবং এর ভিত্তিতে ইস্যুভিত্তিক কার্যপ্রণালী প্রণয়ন করা।
অনুষ্ঠানে টিআইবির উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক সুমাইয়া খায়ের, অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান এবং বাউইন সমন্বয়কারী সঞ্জীব বিশ্বাস সঞ্জয় উপস্থিত ছিলেন।
