২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পুলিশ-‘সন্ত্রাসী’ গোলাগুলি, আহত ৪

পাবনার সাঁথিয়া উপজেলার রতনপুর গ্রামে পুলিশ ও কথিত সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে দুই পুলিশসহ চারজন আহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 05:59 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার এ সংঘর্ষ চলাকালে আলম বাহিনীর প্রধান ‘সন্ত্রাসী’ আলম (৪০) ও তার সহযোগী সাইদুলকে (৩৮) গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।

আহত দুই পুলিশ সদস্য হলেন এএসআই শাহাজুল ও কনস্টেবল জালাল।

এ ঘটনার পর আতাইকুলা থানায় দুটি মামলা করেছে পুলিশ।

আতাইকুলা থানার ওসি নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  জানান, সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে একদল সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় বৈঠক করছে বলে খবর পায় পুলিশ।

সংবাদ পেয়ে আতাইকুলা থানা পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের উপর অতর্কিতে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

প্রায় আধঘণ্টা ধরে চলে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।

এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আলম বাহিনীর প্রধান আলম হোসেন ও তার সহযোগী সাইদুল ইসলামকে আটক করা হয়।

ওসি নূর আলম জানান, আটক আলম সাঁথিয়ার ভুলবাড়িয়া ইউনিয়নের স্বরগ্রামের আব্দুল হান্নানের ছেলে এবং সাইদুল ভনানীপুর গ্রামের নুর হোসেনের ছেলে।

রোববার আলমকে পুলিশ পাহারায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।