ট্রেনের টিকেট কিনতে এসে শুনতে হচ্ছে ‘নেই’
ঈদের সময়টাতে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি সংযোজন করেও চাহিদা মেটাতে পারছে না রেলওয়ে।
আগাম টিকেট কিনতে রেল স্টেশনে এসে কাউন্টারে লাইনে দাঁড়িয়ে ‘টিকেট নেই’ শুনতে হচ্ছে অনেকের। এসব টিকেট প্রত্যাশীরা বলছেন, টিকেট শেষ হওয়ার ঘোষণাটি আগে দেওয়া হলে তাদের দুর্ভোগ কমত।
ঈদে ট্রেন টিকেট গত বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন সকালে টিকেট বিক্রি শুরু হলেও কাউন্টারগুলোতে লাইন শুরু হচ্ছে ভোররাত থেকে।
চট্টগ্রাম রেল স্টেশনে রোববার বিক্রি হয় ১৬ জুলাইয়ের টিকেট, আর সে জন্য সেহরির পর থেকে ভিড় জমতে থাকে টিকেট প্রত্যাশীদের।
সাত নম্বর কাউন্টারে পাহাড়িকা এক্সপ্রেসের টিকেট সংগ্রহে দাঁড়িয়েছিলেন শাহানা আকতার, তিনি যাবেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে।
“সকাল সাড়ে ৭টা থেকে লাইনে, ১২টায় কাউন্টারে যখন আসলাম, তখন বলল, পাহাড়িকার কোনো টিকেট নেই,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
শাহানা ক্ষোভ প্রকাশ করে বলেন, “টিকেট নেই- এটা আগে ঘোষণা দিলে আমার ৫ ঘণ্টা সময় নষ্ট হত না।”
এদিন ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের টিকেট সাড়ে ১১টা মধ্যে শেষ হয়ে যায়।
টিকেট নিতে আসা চাকরিজীবী মো. জাফর বলেন, “ময়মনসিংহের টিকেট শেষ বলে ভৈরবের টিকেট কেটেছি। ওখান থেকে কোনোভাবে বাড়ি যেতে হবে।”
ময়মনসিংহের ও পাহাড়িকার টিকেট শেষ হলেও অন্যান্য গন্তব্যের টিকিট মিলছে অপেক্ষার পর।
চট্টগ্রাম রেলওয়ে থানার পরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইন দীর্ঘ হলেও টিকেট বিক্রিতে কোনো সমস্যা হচ্ছে না।
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাত্রীর অতিরিক্ত চাপ সামলাতে নানা গন্তব্যের তিনটি ট্রেনে আরও পাঁচটি বগি যুক্ত করা হয়েছে।
ঢাকাগামী মহানগর গোধূলীতে দুটি, সূবর্ণতে দুটি ও তূর্ণা নিশিথা ট্রেনে একটি বগি লাগানো হয়েছে বলে তিনি জানান।
এসব বগি যুক্ত করায় প্রতিদিন বিক্রি করা ট্রেনের টিকেট সংখ্যা ৪ হাজার ১৭১ থেকে বেড়ে ৫ হাজার ৫৫৪টিতে দাঁড়িয়েছে।
পাশাপাশি ঈদ উপলক্ষে চাঁদপুরগামী দুটি স্পেশাল ট্রেনের টিকেটও দেওয়া হচ্ছে কাউন্টার থেকে।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারগুলোতেও রোববার চতুর্থ দিনের মতো টিকেট বিক্রি হয়।
কালোবাজারির কোনো অভিযোগ পাওয়া না গেলেও টিকেট বিক্রিতে ধীর গতির অভিযোগ করেছেন যাত্রীরা।
১৬ জুলাইয়ের অগ্রিম টিকেট কিনতে আগের তিন দিনের চেয়ে কয়েকগুণ বেশি ভিড় দেখা যায় কমলাপুরে।
ভোররাত থেকে শুরু হওয়ার পর সকাল সাড়ে ১০টায় টিকেট প্রত্যাশীদের লাইন ছাড়িয়ে যায় স্টেশনের সীমানা। পুরো স্টেশনে তখন দাঁড়ানোরও জায়গা ছিল না।
যাত্রীরা বলছেন, ১৭ জুলাই শুক্রবার হওয়ায় বেশিরভাগ মানুষ চাইছেন বৃহস্পতিবার অফিস করে বাড়িতে ফিরতে।
ব্যাংক কর্মকর্তা শাহ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসে টিকেট পাইনি। বৃহস্পতিবারের অফিস করে বাড়ি ফিরতে চাই। এখানে যে অবস্থা বুঝতে পারছি না টিকেট পাব কি না।”
কালোবাজারি চোখে পড়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এবছর কালোবাজারি দেখিনি। তবে সমস্যা যেটা কাউন্টারগুলো খুব ধীরে টিকেট ছাড়ছে। তাদের ইফিসিয়েন্সির অভাব আছে।”
শাহ নেওয়াজের বক্তব্যে জোড়ালো সমর্থন জানান লাইনে দাঁড়িয়ে থাকা মীর শরিফুজ্জামানসহ কয়েকজন।
“এত মানুষ, তাদের তো উচিত একটু জলদি করা, এতে মানুষগুলোর কষ্ট কম হত,” বলেন শরিফুজ্জামান।
সেহরির পর থেকে লাইনে দাঁড়িয়েছিলেন বলে জানান নিয়ামুল বাশার। তিনি বলেন, “গতকালও আমি লাইনে দাঁড়িয়েছিলাম। একটু দেরি হয়ে গিয়েছিল, তাই টিকেট পাইনি। আজ দেখা যাক।”
এবছর ঈদের তিন দিন আগে থেকে পরের সাত দিন পর্যন্ত কমলাপুর থেকে ৫ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল বিভাগ।
