২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতের টিকিট ভোলাচ্ছে রাতভর অপেক্ষার কষ্ট

সারা রাত কমলাপুর রেল স্টেশনে লাইনে দাঁড়িয়ে সকাল ১০টার পরে কাঙ্ক্ষিত টিকেটটি পেয়ে উচ্ছ্বসিত চট্টগ্রামের তানভির ইসলাম।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 02:14 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

“সেহরির আগে থেকে লাইনে দাঁড়িয়েছি, একটু কষ্ট হয়েছে, কিন্তু বাড়ি যাওয়ার আনন্দে এ সব মেনে নিয়েছি,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদে বাড়ি যাচ্ছেন তানভির। তার অপেক্ষার অবসান ঘটলেও শনিবার দুপুর পর্যন্ত টিকেটের লাইনে ছিলেন অনেকে।   

ঈদের ছুটিকে সামনে রেখে কমলাপুর স্টেশনে রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। শনিবার দেওয়া হচ্ছে ১৫ জুলাইয়ের টিকেট। সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে টিকেট বিক্রি।

ধাপে ধাপে এ টিকেট বিক্রি চলবে সোমবার পর্যন্ত। রোববার দেওয়া হবে ১৬ তারিখের আর সোমবার ১৭ জুলাইয়ের টিকেট।

ব্যাংক কর্মকর্তা আবুল মকসুদ ছেলেকে নিয়ে রাতেই লাইনে দাঁড়িয়েছিলেন। উত্তরবঙ্গের নীলফামারীর টিকেট খুঁজছিলেন তিনি।  

এর আগেও একদিন লাইনে দাঁড়িয়ে টিকেট না পেয়ে ফিরে গিয়েছিলেন। তবে শনিবার টিকেট পেয়েছেন। 

মকসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছরই এ ভোগান্তিতে পড়তে হয়। টিকেট পাওয়ার বিষয়টি যেন এক দীর্ঘ সংগ্রামের মতো।”

অনলাইনে টিকেট কাটতে না পেরে লাইনে দাঁড়িয়েছেন রাকিবুল হাসান। সকাল ১১টা পর্যন্ত টিকেটের অপেক্ষাতেই ছিলেন তিনি। 

রাকিবুল বলেন, “গত দুই দিন চেষ্টা করেছি অনলাইনে টিকেট কাটতে, কিন্তু সার্ভারের সমস্যার জন্য পারিনি। বারবার সার্ভার ডাউন দেখায়। কোনো রিস্ক না নিয়ে তাই আজ লাইনে দাঁড়িয়েছি, দেখা যাক কী হয়।”

Image
কমলাপুর স্টেশনে এখন টিকেটের জন্য রাত থেকে চলে অপেক্ষা, যদিও টিকেট বিক্রি শুরু হয় সকাল ৯টার পর।

কমলাপুর স্টেশনে এখন টিকেটের জন্য রাত থেকে চলে অপেক্ষা, যদিও টিকেট বিক্রি শুরু হয় সকাল ৯টার পর।

প্রতি বছর ঈদে বাড়ি ফিরতে দুর্ভোগে পড়তে হয় রেলের যাত্রীদের। টিকেট কাটার জন্য দীর্ঘ লাইনের পাশাপাশি যাত্রার দিন সময়মতো ট্রেন আসবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে যাত্রীদের মধ্যে।

দিনাজপুরের ফুলবাড়ীর সালাউদ্দিন হক বলেন, “সাধারণত বছরে একটা সময়ই বাবা-মার সঙ্গে দেখা করার সুযোগ মেলে। কিন্তু টিকেট কাটা থেকে শুরু করে যাত্রা শেষ হওয়ার আগ পর্যন্ত কত যে দুর্ভোগ পোহাতে হয়, তার কোনো ইয়ত্তা নেই।”

এ বছর বিভিন্ন গন্তব্যে প্রতিদিন আড়াই লাখ যাত্রীকে পৌছে দেওয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ।

ঈদের তিন দিন আগে থেকে পরের সাত দিন পর্যন্ত ৫ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রেল বিভাগ। ১৫ থেকে ১৭ জুলাই এবং ২০ থেকে ২৬ জুলাই এ পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

ঈদের স্পেশাল ট্রেনগুলো হল- দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল, পার্বতীপুর স্পেশাল ও খুলনা স্পেশাল।

ঈদের আগের মতো পরেও আগাম টিকিটে বিক্রি করছে রেল কর্তৃপক্ষ।

ঈদের পর ফেরার জন্য ২০ জুলাইয়ের আগাম টিকেট পাওয়া যাবে ১৬ জুলাই, ২১ জুলাইয়ের টিকেট পাওয়া যাবে ১৭ জুলাই, ২২/২৩ জুলাইয়ের আগাম টিকেট পাওয়া যাবে ১৯ জুলাই, ২৪ জুলাইয়ের আগাম টিকেট পাওয়া যাবে ২০ জুলাই।