বন্দরে ট্রাকচাপায় নিরাপত্তারক্ষী নিহত
চট্টগ্রাম বন্দরে ট্রাকচাপায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।
রোববার সকালে বন্দরের দুই নম্বর শেডে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত নিরাপত্তাকর্মী মোহাম্মদ আলী (৪২) বন্দর থানাধীন মুনির নগরের বাসিন্দা।
আহতরা হলেন- হাবিলদার বাবুল (৫৯), আব্দুল জাহের (৩২) ও আমানুর রহমান (৪২)।
আহতদের মধ্যে আমানুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং অন্যদের বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার এসআই আহমদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে দুই নম্বর শেডে বসে গল্প করছিল নিরাপত্তারক্ষীরা। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে আলী ঘটনাস্থলে নিহত হয়, আহত হয় অন্যরা।”
ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
