তরল কোকেন: ঢাকায় গ্রেপ্তার ২ জন ফের রিমান্ডে
চট্টগ্রাম বন্দরে আটক কনটেইনারে কোকেন উদ্ধারের ঘটনায় ঢাকা থেকে গ্রেপ্তার দুজনকে আরও জিজ্ঞাসাবাদ করবে পুলিম।
১০ দিন জিজ্ঞাসাবাদের পর মামলার তদন্ত কর্মকর্তা শনিবার আবার আবেদন করলে চট্টগ্রাম মহানগর হাকিম ঝলক রায় তিন দিন রিমান্ডের আদেশ দেন।
এই দুজন হলেন- গার্মেন্ট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান খান ও মোস্তফা কামাল।
ঢাকায় গ্রেপ্তার অন্যজন কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদকে আর রিমান্ডে চায়নি পুলিশ।
তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
প্রথম দফায় আতিক ও কামালের সঙ্গে আজাদকেও ১০ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।
একই ঘটনায় চট্টগ্রামে গ্রেপ্তার গোলাম মোস্তফা সোহেলকে গত ৯ জুলাই দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বলিভিয়া থেকে সূর্যমুখী তেলভর্তি ওই কনটেইনার খান জাহান আলী লিমিটেডের এই কর্মকর্তাই এনেছিলেন বলে অভিযোগ, যার একটি ড্রামে তেলের মধ্যে কোকেন পাওয়া গেছে।
গত ৮ জুন মাসে বন্দরের চার নম্বর ইয়ার্ডে থাকা কনটেইনারটি খুলে ১০৭টি ড্রাম খেকে নমুনা সংগ্রহ করে ওইদিনই কায়িক পরীক্ষা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ফাইল ছবি
মাঠ পর্যায়ের ওই পরীক্ষায় তরল কোকেনের উপস্থিতির কোনো প্রমাণ না পাওয়ায় সংগৃহীত নমুনা ঢাকার সায়েন্স ল্যাবরেটরি (বিসিএসআইআর) ও বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা করায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
পরে ২৭ জুন এর মধ্যে একটি ড্রামে কোকেন থাকার কথা নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ওই ড্রামের তরলের মধ্যে এক-তৃতীয়াংশ কোকেন বলে তাদের ধারণা।
তদন্তকারীরা বলছেন, মোস্তফা কামালের আত্মীয় বকুল এই ‘পাচারচক্রের’ হোতা, যিনি থাকেন যুক্তরাজ্যে। রাজু নামের এক ভারতীয় নাগরিকও এর সঙ্গে জড়িত।
