২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান

দুর্যোগ ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা প্রত্যাশা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 12:38 AM

Updated : 22 Aug 2022, 12:46 PM

প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন ঝুঁকির বিষয়ে আগাম সতর্ক বার্তা নিয়ে আফ্রিকা ও এশিয়া অঞ্চলের দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে (রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম- আরআইএমইএস) এ আহ্বান জানান তিনি।

ভারতের বিজ্ঞান, প্রযুক্তি ও ভূবিজ্ঞান মন্ত্রী ড. হর্ষ বর্ধন শুক্রবার নয়া দিল্লিতে এ সম্মেলনের উদ্বোধন করেন বলে নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আয়োজক দেশ ভারতসহ বাংলাদেশ, আরমেনিয়া, আফগানিস্তান, ভুটান, কমোরস, লাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মোজাম্বিক, মিয়ানমার, নেপাল, পাপুয়া নিউ গিনি, ফিলিপিন্স, সিসিলি, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, পূর্ব তিমুর, উজবেকিস্তান, ভিয়েতনামসহ ২২টি দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা আরআইএমইএসের এবারের সম্মেলনে অংশ নিয়েছেন।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, বন্যা ও আকস্মিক বন্যার পূর্বাভাসের জন্য তথ্য সহজ লভ্য করে এবং প্রযুত্তিগত সহায়তা দিয়ে আরআইএমইএস এবং এর সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।

“আমি আশা করি, বর্তমানে চলমান বিএমডি, এফএফডব্লিউসি ও মাল্টি-হ্যাজার্ড ওয়ার্নিং কর্মসূচির পাশাপাশি বাংলাদেশের সঙ্গে আরও কার্যক্রমে সম্পৃক্ত হবে আরআইএমইএস। বর্তমানে আগাম সতর্ক বার্তার মাধ্যমে সমুদ্রের হাজারো মৎস্যজীবীর জীবন বাঁচাতে কাজ করছে বাংলাদেশ। এক্ষেত্রে অন্যান্য দেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই আমরা।”

এই সম্মেলন দুর্যোগ ব্যবস্থাপনায় সদস্য দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবী ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিশ্বে অন্যতম মডেল হিসেবে স্বীকৃত বাংলাদেশ। পূর্ব সতর্কতা ছড়িয়ে দেওয়া, প্রস্তুতি, সাড়া ও উদ্ধারের ক্ষেত্রে ব্যাপক সাফল্য দেখিয়েছে এ ব্যবস্থা, যা জীবন-জীবিকা বাঁচিয়েছে।

তিনি বলেন, শহর অঞ্চলে ৩০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং সিপিপির (সাইক্লোন প্রিপ্রেয়ার্ডনেন্স প্রোগ্রাম) আওতায় ৫০ হাজার সেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

“এবং এখন তারা বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে ভূমিকা রাখছে।”

দেশের বন্যা প্রবণ অঞ্চলগুলোতে ৬০ লাখ স্বেচ্ছাসেবীর সঙ্গে আনসার-ভিডিপি বাহিনীকে যাতে সম্পৃক্ত করা যায় সে লক্ষ্যে বাংলাদেশ সরকার সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) মাধ্যমে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে।

মোবাইলের মাধ্যমে ১২ কোটি মানুষের কাছে আগাম সতর্ক বার্তা পৌঁছে দেওয়ারও একটি ব্যবস্থা করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, আগাম সতর্ক বার্তার ক্ষেত্রে তিন স্তরের কৌশল নিয়েছে বাংলাদেশ।

“প্রথমত, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দ্বিতীয়ত এলাকাভিত্তিক পূর্ব সতর্কতা ব্যবস্থার বিস্তৃতি এবং তৃতীয়ত পূর্ব সতর্কতা ব্যবস্থার প্রতিটি স্তরে বিজ্ঞান ও তথ্য-যোগাযোগ প্রযুক্তির ব্যবহার।”

সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার নয়া দিল্লি পৌঁছান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। আগামী রোববার তার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

২০১২ সালের ৬ মার্চ আরআইএমইএস-এ যোগ দেয় বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনায় পূর্ব সতর্কতা নিয়ে কর্মরত এশিয়া ও আফ্রিকার এ সংস্থার সদস্য দেশ ১২টি। এর বাইরে আরও ১৯টি দেশ সংস্থাটির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করে।